এবার থেকে কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্বে থাকবে ইসকন। গত সোমবার বাজেট ঘোষণার সময় এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তারপর থেকেই সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে কিছু খাবারের তালিকা। যেখানে সোম থেকে শনি স্কুলের মিড ডে মিলে কী কী খাবার দেওয়া হবে তা উল্লেখ করা থাকছে। পাশাপাশি এবার থেকে পড়ুয়াদের ডিম দেওয়া বন্ধ হবে বলেও নানা বিভ্রান্তিমূলক পোস্ট নজরে পড়ছে। এমতাবস্থায় এই বিষয়ে মুখ খুললেন ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস। কী জানালেন তাঁরা?
এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লিখেছেন, 'কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।' সেই সঙ্গেই তিনি জানান, 'মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। দয়া করে এই ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।' এককথায়, সমাজমাধ্যমে ছড়িয়ে পরা খাবারের তালিকা যে সম্পূর্ণ ভুয়ো, তা পরিষ্কার জানিয়ে দেওয়া হল কলকাতা ইসকনের তরফে।
প্রসঙ্গত, পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। রাজ্য বাজেটে এই ঘোষণার পর সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছিলেন, 'এবার থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। তারাই খাওয়াবে। খুব ভালো খাওয়াবে। আপনার ইচ্ছে না হলে হরেকৃষ্ণ বলবেন না।'