ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে ফের হাইকোর্টের দ্বারস্থ হল মমতাপন্থী তৃণমূল। এবার ইডির দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের করেছে তারা। সম্প্রতি রাজ্য পুলিসের পরে ইডিও তৃণমূলের তিনটি ব্যাঙ...
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে ফের হাইকোর্টের দ্বারস্থ হল মমতাপন্থী তৃণমূল। এবার ইডির দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের করেছে তারা। সম্প্রতি রাজ্য পুলিসের পরে ইডিও তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আর সেই পদক্ষেপের বিরুদ্ধেই শুক্রবার আদালতের শরণাপন্ন হয়েছে কালীঘাট তৃণমূল।
আজ কালীঘাট তৃণমূলের হয়ে আদালতের দৃষ্টিআকর্ষণ করেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তিনি জানান, রাজ্য পুলিসের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট আপাতত ব্যবহার করা যাবে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্টের অপর একটি বেঞ্চ। তবে আর্থিক তছরুপের মামলায় ইডির নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় জটিলতা বেড়েছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টিআকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান তৃণমূলের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি রাও। আগামী সোমবার এই মামলার সম্ভাব্য শুনানি।
বলে রাখা ভালো, ঋতব্রত শিবিরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করেছে পুলিস। যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানিতে সাময়িক স্বস্তি পায় মমতাপন্থী তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই তিনটি অ্যাকাউন্ট পরিচালনার জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেন। অন্তর্বর্তী নির্দেশে বলা হয়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ওই স্পেশ্যাল অফিসারের মাধ্যমেই তুলতে হবে কালীঘাট তৃণমূলকে। অর্থ লেনদেনের ক্ষেত্রেও প্রয়োজন হবে তাঁর সই।