তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হতেই 'আলগা' হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বেষ্টনীও কাটছাঁট করা হয়েছে। এই অবস্থায় তাঁদের দু'জনকেই সমাজমাধ্যমে 'আনফলো' ক...
তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হতেই 'আলগা' হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বেষ্টনীও কাটছাঁট করা হয়েছে। এই অবস্থায় তাঁদের দু'জনকেই সমাজমাধ্যমে 'আনফলো' করে দিল কলকাতা পুলিস। দিদি আউট-দাদা ইন হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও গেরুয়া শিবিরের অন্যান্য কার্যকর্তাদের 'ফলো' করা শুরু করল কলকাতা পুলিসের এক্স মাধ্যম।
গত ৪ তারিখ ফলাফল ঘোষণা হওয়ার পর আজ, শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে আরও পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রী হিসেবে। সেই তালিকায় রয়েছেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। এমতাবস্থায় কলকাতা পুলিসের এক্স অ্যাকাউন্টের ফলো তালিকা প্রকাশ্যে এল। যেখানে দেখা গিয়েছে বর্তমানে মোট ৪২টি অ্যাকাউন্ট 'ফলো' করা রয়েছে তাদের। তবে সেই তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা অভিষেকের।
ফলাফল ঘোষণা হওয়ার পরের দিনই লালবাজারের নির্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছিল পুলিস। একইসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল প্রহরা। এমনকি বাদ যাননি প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কালীঘাটের একটি বৈঠকে যোগ দিতে গিয়ে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে দেওয়া হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী, ও প্রাক্তন মন্ত্রী হিসেবে তাঁদের যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা, এবার থেকে ততটুকুই পাবেন তাঁরা।