শুল্ক দফতরকে ফাঁকি দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনা পাচারের ছক বানচাল করল পুলিস। বুধবার ভোররাতে নাকা তল্লাশি চালিয়ে ওই বিপুল অঙ্কের সোনা উদ্ধার করে বিধাননগর থানার পুলিস। ঘটন...
শুল্ক দফতরকে ফাঁকি দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনা পাচারের ছক বানচাল করল পুলিস। বুধবার ভোররাতে নাকা তল্লাশি চালিয়ে ওই বিপুল অঙ্কের সোনা উদ্ধার করে বিধাননগর থানার পুলিস। ঘটনার সঙ্গে জড়িত দুজনকেও গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে খবর সূত্রের।
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি। তেমনই কলকাতা বিমানবন্দরের মত সংবেদনশীল এলাকাতেও খুঁটিয়ে নজরদারি চালাচ্ছে পুলিস। জানা যাচ্ছে, ওই সময়েই দুটি বড়ো সোনার শিকল উদ্ধার হয়। যার ওজন আনুমানিক ৬৬২ গ্রাম।
এদিন বিধাননগর পুলিসের এয়ারপোর্ট ডিভিশন ডেপুটি কমিশনার ঐশ্বরিয়া সাগর জানান, বুধবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে নাকা তল্লাশির সময় একটি ট্যাক্সিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। এরপর ওই ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬৬২ গ্রাম সোনা উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় দুই পাচারকারীকেও। পুলিস জানিয়েছে, ব্যাংকক থেকে ওই দুই ব্যক্তি সোনা নিয়ে এখানে এসেছিল। কিন্তু বিমানবন্দর থেকে বেরোনোর পরেই নাকা তল্লাশিতে ধরা পড়ে যান ধৃতরা। তবে ওই বিপুল পরিমাণ সোনা তারা কোথায় পাচার করতে যাচ্ছিল, তা এখনও জানা যায়নি। পাশাপাশি কীভাবে শুল্ক দফতরকে ফাঁকি দিয়ে এত সোনা বিমানবন্দর থেকে নিয়ে বেরিয়ে গেল অভিযুক্তরা, তা নিয়েও উঠছে প্রশ্ন।