হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি শুরু হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার সকালে রোদের দেখা মিললেও আগাম বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল হাওয়া অফিস। সেই আশঙ্কা সত্যি করেই আকাশ কালো করে ...
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি শুরু হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার সকালে রোদের দেখা মিললেও আগাম বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল হাওয়া অফিস। সেই আশঙ্কা সত্যি করেই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল শহরতলিতে। আগামী কয়েক দিন এমন ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
আজ কেবল কলকাতা না, বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও। এছাড়াও ৫০-৬০ কিমি বেগে ঝড়-সহ বৃষ্টি হয়েছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও এই জেলাগুলোতে ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও বাঁকুড়়া, বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণের প্রায় সব জেলায় আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলায়। অন্যদিকে উত্তরের পার্বত্য জেলাগুলোতেও চলবে দুর্যোগ। কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির প্রভাব পড়বে।
বলে রাখা ভালো, গত ৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই ঝড়বৃষ্টি চলছে সেখানে। অন্যদিকে সোমবার মহারাষ্ট্রের সোলাপুর, কর্নাটকের কালবুর্গি, তামিলনাড়ুর চেন্নাই পর্যন্ত পৌঁছে গিয়েছে বর্ষা। এমতাবস্থায় আর কয়েকদিনের মধ্যেই বর্ষা দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অঞ্চলে প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে আগামী দু-তিনদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হবে স্বস্তির বর্ষা।