অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন বলে খবর। ইডি সূত্রে খবর, রথীনে...
অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন বলে খবর। ইডি সূত্রে খবর, রথীনের বিরুদ্ধে পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর আগেও তাঁকে পাঁচবার তলব করা হয়েছিল ইডি দফতরে। কিন্তু প্রত্যেকবারই একাধিক কারণ দেখিয়ে সেই তলব এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।
বস্তুত, এর আগে ভোট আবহে প্রাক্তন মন্ত্রীকে তলব করেছিল ইডির আধিকারিকরা। কিন্তু ভোট সংক্রান্ত কাজে তিনি ব্যস্ত থাকায় সেই তলব এড়িয়ে গিয়েছিলেন। পরে ফের তাঁকে তলব করা হয়। তখন শৌচাগারে পড়ে তিনি পায়ে চোট পেয়েছেন বলে জানান ইডি কর্তাদের। তাঁর কথায়, চিকিৎসকের পরামর্শে তাঁকে দিন-দশেক বিশ্রামে থাকতে হবে। এমতাবস্থায়, শুক্রবার সকালে অবশেষে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিলেন রথীন ঘোষ। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী।
এদিন ইডি দফতরে হাজিরার বিষয়ে রথীন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'কীসের জন্য আমায় ডেকেছে তা আমি জানিনা। ভিতরে গেলে জানতে পারব।' ইডি সূত্রে খবর, ২০২৩ সালের অক্টোবরে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম বার রথীনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তল্লাশি চলেছিল তাঁর বাড়িতে।
বলে রাখা ভালো, সম্প্রতি পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের আরেক প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। দীর্ঘক্ষণ তাঁকে জেরা করার পর ওই দিন রাতেই তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। এমতাবস্থায় রথীন ঘোষের ইডি দফতরে হাজিরা পর তাঁর বিরুদ্ধে ইডি কী ব্যবস্থা নেয়, সেই দিকেই থাকবে নজর।