পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই প্রথম বিধানসভায় পা রেখেছেন তিনি। আর প্রথমবারই বিনা প্র...
পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই প্রথম বিধানসভায় পা রেখেছেন তিনি। আর প্রথমবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে জায়গা পেলেন রথীন্দ্র বসু। শুক্রবার সকালে প্রোটেম স্পিকার তাপস রায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে নির্বাচিত হন তিনি।
বিধানসভার স্পিকার হিসাবে রথীন্দ্রের নাম বিজেপির তরফে প্রস্তাব করা হয়েছিল। শুক্রবার সেই প্রস্তাব পেশ করেন বিধানসভায়। তা সমর্থন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। এরপর ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী হন রথীন্দ্র। এদিন বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে স্পিকারের কুর্সিতে বসেন তিনি। রথীন্দ্রকে শুভচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।
সভার নিয়ম অনুযায়ী এদিন প্রথম বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন স্পিকারকে স্বাগত জানান তিনি। পাশাপাশি এবার থেকে বিধানসভায় লাইভ স্ট্রিমিং চলবে বলেও জানান শুভেন্দু। এরপর একে একে বিরোধী দলের বিধায়করা বক্তব্য রাখেন। বিধানসভার নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা-সহ অন্যরা।