তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ আরও বাড়ল। এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল। একই অভিযোগে নাম রয়েছে কলকাতা পুরসভার কাউন্স...
তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ আরও বাড়ল। এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল। একই অভিযোগে নাম রয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালেরও।
শনিবার তারাতলা থানায় লিখিত অভিযোগ জমা দেয় বিজেপির শ্রমিক সংগঠন। অভিযোগকারীদের দাবি, তারাতলার ভয়াবহ নির্মাণ বিপর্যয়ের নেপথ্যে প্রশাসনিক গাফিলতি, নির্মাণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি তদন্তের দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, তারাতলার নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে ইতিমধ্যেই একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। ইতিমধ্যেই ঠিকাদার, সুপারভাইজার-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নির্মাণের নকশা, অনুমোদন প্রক্রিয়া ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে তদন্ত চলছে।
এরই মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, ত্রুটিপূর্ণ নকশায় অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তৎকালীন প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই রাজনৈতিক বিতর্কের আবহেই এবার সরাসরি ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং সামস ইকবালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেল। তবে অভিযোগ দায়ের হলেও, এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও নতুন ফৌজদারি মামলা রুজু হয়েছে কি না বা পুলিশ কী পদক্ষেপ করবে, সে বিষয়ে সরকারি তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।