কুলতলীকাণ্ডে নয়া মোড়। নির্যাতিতা নাবালিকার ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে। মৃতার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। আজ, রবিবার জরুরী ভিত্তিতে ...
কুলতলীকাণ্ডে নয়া মোড়। নির্যাতিতা নাবালিকার ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চেয়ে মামলা দায়ের হাইকোর্টে। মৃতার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। আজ, রবিবার জরুরী ভিত্তিতে শুনানির জন্য বেলা দুটোয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বসবেন। যদিও রাজ্যে পুলিসও চাইছে পরিবারের দাবি মতো ময়নাতদন্ত করে দেহ দাহ করা হোক। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে রাজ্যও নতুন করে ময়না তদন্ত করলে কোনও আপত্তি করবে না বলে আইনজীবীদের সূত্রে খবর।
শনিবার রাতেই উচ্চ আদালতে আবেদন করা হয়। আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই মতো এদিন দুপুর ২টোয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে বলে খবর।
পুলিস সূত্রে খবর, মৃতার বাবা আবেদন করেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই যাতে মেয়ের দেহের ময়নাতদন্ত করা হয়। সেই সঙ্গে কোনও কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। মূলত এই দুই আবেদন নিয়ে প্রথম নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিস। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ার পরে শনিবার গভীর রাতেই হাই কোর্টের দ্বারস্থ হয় পুলিস।
দশ বছরের নাবালিকার মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র রুপ নিয়েছে জয়নগর। শুক্রবার রাতে জয়নগরের মহিষমারি এলাকায় পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। ছাত্রীর পরিবারে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এক যুবক।