দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই বড় 'চমক' দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হল চার 'বিশিষ্ট' মুখের। নির্বাচনের আগে যথেষ্ট সচেতন ভাবেই এই চার মুখকে বাছাই কর...
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই বড় 'চমক' দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হল চার 'বিশিষ্ট' মুখের। নির্বাচনের আগে যথেষ্ট সচেতন ভাবেই এই চার মুখকে বাছাই করে নিয়েছে দল। মূলত শহুরে জনতারও দৃষ্টি আকর্ষণ করতেই এই পন্থা নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
চমকের প্রথম তালিকাতেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকের নাম। এতকাল তাঁকে কোন রাজনৈতিক দলের সঙ্গে তেমন মিশতে না দেখা গেলেও এবারের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তবে তাঁকে দলের অন্দরে টেনে নেওয়ার নেপথ্যে যে রাজনীতির বড় অঙ্ক রয়েছে তা বলাই বাহুল্য। প্রথমত কোয়েলের পারিবারিক পটভূমিকা, সেই সঙ্গেই তাঁর নিজস্ব ব্যক্তিত্ব অত্যন্ত রুচিশীল ও শহুরে। ফলে তাঁকে দলে টানতে পারলে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ সহজ হবে। অন্যদিকে কিছুদিন আগেই 'উন্নয়নের পাঁচালি' নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি ছুটেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই এইরকম কিছু যে ঘটতে পারে তা আন্দাজ করতে পেরেছিলেন বিশেষজ্ঞ মহল। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে এসে কিছু বলেননি কোয়েল।
এরপরেই তালিকায় নাম দেখা গিয়েছে বিশিষ্ট গায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র। গেরুয়া শিবির থেকে বেরিয়ে ঘাসফুল শিবিরে এসে বরাবরই 'আহ্লাদে' থেকেছেন তিনি। প্রকাশ্যে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে বালিগঞ্জ উপনির্বাচনে বাবুলের তেমন ফল না বেরোনোয় দলের অন্দরে কিছু ফিসফাস শুরু হয়েছিল। তবে সেই গুঞ্জনকে একপাশে রেখেই ফের দিদি এবং অভিষেকের ভরসায় জায়গায় বসলেন গায়ক। জায়গা পেলেন রাজ্যসভায়।
তবে বর্তমানে সবচেয়ে চৰ্চিত নামটি হল রাজীব কুমারের। তৃণমূল সরকরের সঙ্গে তাঁর 'আঁতাত' নিয়ে এর আগেও বহু জল্পনা শোনা গিয়েছিল নানা মহলে। তবে কিছুদিন আগে প্রকাশ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতার রাজীবকে তিরস্কার এবং যুবভারতীতে মেসিকাণ্ডের পরে ডিজি হিসাবে তাঁকে রাজ্য সরকারের শো কজ, নিয়ে শুরু হয়েছিল নয়া বিতর্ক। তবে সেই বিতর্ককে ভ্রান্ত প্রমাণ করেই রাজীবের জন্য রাজ্যসভায় একটি পদ চূড়ান্ত করল তৃণমূল।
এছাড়াও চার জনের নামের পাশে রয়েছে মেনকা গুরুস্বামী'র। সুপ্রিম কোর্টের কৃতী আইনজীবী তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। কর্মজীবনে সফলতার পাশাপাশি উচ্চশিক্ষাতেও তাঁর জুড়ি মেলা ভার। অন্যদিকে মেনকা সম্প্রতি SIR মামলায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে জোরালো সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে। তারপরেই সম্ভবত রাজ্য সরকারের নজরে পড়েন তিনি। পাশাপাশি তাঁকে দলে টানার সঙ্গে জুড়ে থাকছে শহুরে ভোট ব্যাঙ্কের অঙ্কও।