গত শনিবার ক্যানিং থেকে পুলিসের হাতে গ্রেফতার হয়েছে পাক জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ মুন্সী। নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ। ধৃতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফ এর হাত...
গত শনিবার ক্যানিং থেকে পুলিসের হাতে গ্রেফতার হয়েছে পাক জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ মুন্সী। নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ। ধৃতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফ এর হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, বাংলাদশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদ মুন্সীর। ক্যানিং এর মাতলা নদী হয়ে ঝড়খালি বিদ্যাধরী নদী পার করলেই সজনেখালী ও দোবাকী হয়ে জঙ্গল দিয়ে চলে যাওয়া যায় বাংলাদেশে। দাবি করা হয়েছে, আগে বহুবার এই জলপথ দিয়েই জাভেদ ক্যানিং থেকে পাড়ি দিয়েছিল বাংলাদেশে। তবে কী কারণে বাংলাদেশের সঙ্গে যোগসূত্র স্থাপন! সেইসব খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ।
সূত্রের খবর, গ্রেফতার করার পর এসটিএফএর দীর্ঘ জেরার ফলে পাক জঙ্গি সদস্য জাভেদ মুন্সীর কাছ থেকে মিলেছে ৫০ হাজার টাকা। ধৃতের ফোন কল রেকডিং খতিয়ে দেখা হচ্ছে। বাংলায় এসে কার সঙ্গে দেখা করতে চেয়েছিল জাভেদ ? কি মতলব ছিল তার! সমস্তরকম পরিস্থিতি তদন্ত করছে পুলিস। পাশাপাশি নজর রাখা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ গুলোতে। যাতে কোনো রকম গ্রূপের মারফত তথ্য আদান প্রদান হত কিনা। ইতিমধ্যেই জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো পাকিস্তানি নাগরিক এর পাসপোর্ট। পাকিস্তান ও বাংলাদশের সঙ্গে ধৃতর কী সম্পৰ্ক রয়েছে। সব কিছুর তদন্ত করছে এসটিএফ। অপরদিকে কোনরকম তথ্য বা সঠিক পরিচয় পত্র ছাড়াই ক্যানিং সহ আশপাশের এলাকায় যেভাবে ভাড়া বাড়ি মিলছে তা নিয়েও যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। যে কেউ এই এলাকায় বিনা বাঁধায় ঘর ভাড়া পাচ্ছেন। সেই সুযোগেই জঙ্গি সংগঠনের সদস্য বা দুষ্কৃতীরা সহজেই ওই এলাকায় গা ঢাকা দিচ্ছে। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন।
প্রসঙ্গত, অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকছে জঙ্গিরা। দিন কয়েক আগেই অসম পুলিস ও রাজ্য পুলিসের এসটিএফ-এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে ৮ জঙ্গি। ধৃতদের জেরা করার ফলে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, এবার কাশ্মীরের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতারিতে উঠছে প্রশ্ন। তবে কি বাংলা জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল? প্রশ্নটা থেকেই যাচ্ছে।