দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন! ইতমধ্যে পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। দোল উৎসবের পর ভোটের দিন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আবহে 'রক্তপাতহ...
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন! ইতমধ্যে পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। দোল উৎসবের পর ভোটের দিন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আবহে 'রক্তপাতহীন নির্বাচন চাই' দাবি তুলে শান্তিনিকেতনের পথে নামলেন প্রবীণরা৷
আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়। প্রতিবার নির্বাচনেই রক্ত ঝরার মতো ঘটনার সম্মুখীন হতে হয় রাজ্যবাসীকে। তাই এবার নির্বাচনে যাতে প্রাণহানী না হয়, সেই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা যেন করে নির্বাচন কমিশন। এই আবেদনেই শান্তিনিকেতনে রাস্তায় পদযাত্রা করলেন প্রবীণরা৷ হাতে ব্যানার পদযাত্রা করেন তাঁরা। তাতে লেখা 'রক্তপাতহীন নির্বাচন চাই'। রক্ত মাটিতে নয়, ব্ল্যাড ব্যাঙ্কে নয়'। এর পাশাপাশি লিফলেটও বিলি করেন তাঁরা৷
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষায়। ইতিমধ্যে রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন। কারণ, রাজ্যের অর্ধেকের বেশি বুথ স্পর্শকাতর। প্রতি বছর পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা নির্বাচন এলেই শুরু হয় বোমাবাজি, খুনোখুনি, সংঘর্ষ। আর তাতে কত মায়ের কোল খালি হয়ে যায়, তার কোনও হিসেব থাকেনা৷ তাই এবার বিধানসভা নির্বাচনের আগে নতুন উদ্যোগ নিলেন প্রবীণরা৷