দোলের পরিক্রমায় নবদ্বীপে গিয়ে বিপত্তি। গঙ্গার জলে তলিয়ে গেল এক যুবক। সোমবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে। ওই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। নদীর জলে স্নান করতে নেমেই এই দু...
দোলের পরিক্রমায় নবদ্বীপে গিয়ে বিপত্তি। গঙ্গার জলে তলিয়ে গেল এক যুবক। সোমবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে। ওই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। নদীর জলে স্নান করতে নেমেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত ১৯ তারিখ থেকে মায়াপুর ইসকনের পরিচালনায় শুরু হয়েছে নবদ্বীপ পরিক্রমা। আর প্রতি বছরই এই অনুষ্ঠান উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় মহাপ্রভুর জন্মস্থলে। তেমনই এই পরিক্রমায় যোগ চার যুবক এসেছিলেন উত্তরাখণ্ড থেকে। কিন্তু এর মাঝেই ঘটে যায় বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা আড়াইটে নাগাদ নবদ্বীপের প্রাচীন মায়াপুরের জগন্নাথ ঘাটে স্নান করতে নেমেছিলেন ওই চার যুবক। কিন্তু আচমকাই জলের তোড়ে ২২ বছরের বিজয় জেট্টি তলিয়ে যায় বলে খবর। পরে তাঁকে খুঁজতে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিপর্জয় মোকাবিলা টিমকে।
এরপর গঙ্গায় নেমে শুরু হয় যুবকের খোঁজ। দু'টো আলাদা দল মোতায়েন করে খোঁজ করা হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসকনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি স্বরূপ দাস। তিনিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে যুবকের দেহ উদ্ধার করা গিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। পাশাপাশি যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনার নেপথ্যে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিস।