বাঁকুড়া জেলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর সূত্রের। ইতিমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয় হয়েছে বলেও জানা গিয়েছে। বাঁকুড়ার খ...
বাঁকুড়া জেলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর সূত্রের। ইতিমধ্যেই ধৃতকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয় হয়েছে বলেও জানা গিয়েছে। বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড় এলাকার বাসিন্দা মির আসিফ আলি নামে ওই যুবককে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিসের একটি বিশেষ দল। যদিও যুবকের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ মানতে নারাজ পরিবার।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও আল-কায়েদার সঙ্গে যুক্ত থেকে বাংলায় মডিউল তৈরি করার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা তেলেঙ্গানায় ধৃত তিন জঙ্গির মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারেন। এমনকি ধৃতের এক্স হ্যান্ডেলে একে-সিরিজের রাইফেল হাতে একটি ছবিও নজরে আসে তদন্তকারীদের। সেই সমস্ত সন্দেহজনক তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় পুলিস। গ্রেফতারের পর আসিফকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়। যুবকের বিরুদ্ধে দেশবিরোধী একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে পুলিস সূত্রে।
অন্যদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, আসিফ নির্দোষ এবং তাকে জোর করে ফাঁসানো হচ্ছে। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আসিফ উচ্চমাধ্যমিক পাশ করার পর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হননি। পরে আর্থিক অনটনের কারণে কাজের সন্ধানে দিল্লিতে চলে যান। সেখানে গিয়েই কাজ শুরু করেছিলেন যুবক। এই অবস্থায় ছেলের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ধৃতের মা। তবে শেষ পর্যন্ত তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই থাকবে নজর।