এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে রোগী পরিষেবায় বেড়েছিল দুর্ভোগ। আর সেই কথা কানে যেতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। নিজের বিধায়ক তহবিল থেকে ১৩ লক্ষ ৭১হাজার টাকা খর...
এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে রোগী পরিষেবায় বেড়েছিল দুর্ভোগ। আর সেই কথা কানে যেতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। নিজের বিধায়ক তহবিল থেকে ১৩ লক্ষ ৭১হাজার টাকা খরচ করে একটি অ্যাম্বুলেন্স কিনা তা তুলে দিলেন চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের হাতে। সোমবার পঞ্চায়েত অফিসের সামনে সবুজ ফিতে কেটে সেই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন রফিকুর। যার ফলে রোগী পরিষেবা এবার স্বাভাবিক হবে বলেই মনে করছে স্থানীয়রা।
দীর্ঘদিন ধরেই চন্ডিগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় অ্যাম্বুলেন্সের অভাব ছিল। যার জেরে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। পরে গ্রামবাসীরা সেই সমস্যার কথা জানান তাঁদের বিধায়কের কাছে। এলাকার এই অসুবিধাটি বিবেচনা করে দেখেন বিধায়ক। আর সেই মতোই সমস্যার সমাধান করেন তিনি। নিজের বিধানসভা এলাকার মানুষ যেন ঠিক সময়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে তার জন্য বিধায়ক তহবিল থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তিনি। এদিন নতুন অ্যাম্বুলেন্স প্রদাননুষ্ঠানে বিধায়কের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান-সহ সমস্ত সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।
অন্যদিকে সামনেই মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব। আর সেই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে আজ দত্তপুকুর ১,২ এবং কাশিমপুর তিন অঞ্চলের প্রায় ১৫০০ মানুষকে নতুন বস্ত্র উপহার দেন বিধায়ক রফিকুর রহমান। পাশাপাশি আগামী সপ্তাহে আমডাঙ্গা ব্লকের ৮টি অঞ্চল মিলিয়ে প্রায় আরও ২৫০০ জন মানুষকে নতুন বস্ত্র উপহার দেওয়া হবেও বলেও জানান তিনি।