কেন্দ্রীয় সংস্থা ডিভিসির জমি দখল করে রিসোর্ট বানানোর অভিযোগ! অভিযুক্ত খোদ দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অরবিন্দ নন্দী। শুক্রবার সকালে ডিভিসি আধিকারিকরা সংশ্লিষ্ট জমিতে চারা গাছ বসাতে এলে তর্ক...
কেন্দ্রীয় সংস্থা ডিভিসির জমি দখল করে রিসোর্ট বানানোর অভিযোগ! অভিযুক্ত খোদ দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অরবিন্দ নন্দী। শুক্রবার সকালে ডিভিসি আধিকারিকরা সংশ্লিষ্ট জমিতে চারা গাছ বসাতে এলে তর্ক শুরু হয় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে। পরে ওই ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। রীতিমত তৃণমূল নেতার বাধার মুখে পড়তে হয় ডিভিসি কর্তৃপক্ষকে।
জানা যাচ্ছে, দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অরবিন্দ নন্দী এলাকায় বুকুন নামেই সর্বাধিক পরিচিত। অভিযোগ, তিনিই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির জমি দখল করে বানিয়ে ফেলেছেন একটি আস্ত রিসোর্ট। এদিন সেই জমিতে চারা গাছ রোপন করতে আসেন ডিভিসি কর্তৃপক্ষ। কিন্তু তখনই তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বাধার সম্মুখীন হতে হয় তাঁদের। শুরু হয় তুমুল বাক-বিতণ্ডা।
এমতাবস্থায় গোটা ঘটনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিভিসির উপদেষ্টা দিলীপ অগস্তি। যিনি নিজে একসময় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল মেয়র ছিলেন। অবসরপ্রাপ্ত আমলা হওয়ার সুবাদে বর্তমানে ডিভিসির উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছেন তিনি। একইভাবে ডিভিসি কর্তৃপক্ষকে পুলিস প্রশাসনের সাহায্য নিয়ে জমি দখলমুক্ত করার আর্জি জানিয়েছেন বিজেপি জেলা মুখপত্র সুমন্ত মন্ডল।
অন্যদিকে জমি দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে দলেরই প্রাক্তন মেয়র দিলীপ অগস্তিকে পাল্টা তোপ দেগেছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর। তাঁর দাবি তিনি জমি দখল করেননি। উদ্ভুত পরিস্থিতিতে চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুর শহরে। এখন এই ঘটনার বিরুদ্ধে ডিভিসি কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তার দিকেই থাকবে নজর।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, দুর্গাপুরের মায়া বাজারে ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট তৈরী করছে। যার জন্য কেন্দ্র সরকার প্রায় ৮০০০ কোটি টাকা ব্যয় করছে। দুই থেকে তিন বছরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে প্রত্যক্ষ ভাবে প্রায় কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এই অবস্থায় পরিবেশ আইন অনুযায়ী, ইউনিট তৈরি করতে যে পরিমান গাছের ক্ষতি হচ্ছে তার সম পরিমান গাছ লাগাতে হবে বিকল্প জমিতে। এমতাবস্থায় দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডে থাকা দামোদর নদের তীরে হুচুক ডাঙায় ডিভিসির সেই জমিতে গাছ বসাতে গিয়েই গোল বাধে তৃণমূল নেতা অরবিন্দ নন্দী ওরফে বুকুন ও তাঁর অনুগামীদের সঙ্গে।