দুয়ারে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নদিয়ার কালীগঞ্জ থেকে উদ্ধার দুটো সকেট বোমা। রবিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীও। তবে কে বা কারা ওই বোমা দু...
দুয়ারে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নদিয়ার কালীগঞ্জ থেকে উদ্ধার দুটো সকেট বোমা। রবিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীও। তবে কে বা কারা ওই বোমা দুটো ঘটনাস্থলে রেখেছিল, তার খোঁজ এখনও পাওয়া যায়নি। নির্বাচনের আগে আতঙ্ক ছড়াতেই এই অপরাধমূলক কাজ করা হচ্ছে বলে মনে করছে পুলিস।
সূত্রের খবর, রবিবার বিকেলে মোলান্দি দক্ষিণপাড়া পেয়ারা বাগান থেকে ওই দুটো সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানার মিরাবাজার ফাঁড়ির পুলিস। তাঁরা এসে জায়গাটি ঘিরে রেখে উদ্ধার করে ওই দুটি বোমা। পরে তল্লাশি চালিয়ে মোলান্দির পার্শ্ববর্তী শিয়ালখেলা উত্তর পাড়া মাঠে সর্ষে খেত থেকে আরও তিনটে বোমা উদ্ধার হয় বলে খবর। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। পাশাপাশি কী উদ্দেশ্যে ওই বোমাগুলো মজুত করা হয়েছিল, তাও অস্পষ্ট। ইতিমধ্যেই ঘটনার সবদিক খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিনই তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল বছর ন'য়ের তামান্না খাতুনের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য-রাজনীতিতে। এরপরেই ওই এলাকায় তল্লাশিতে নেমে শতাধিক বোমা উদ্ধার করে তদন্তকারীরা। এই অবস্থায় সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগেই ফের বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।