মঙ্গলবার সকালে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল এদিন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বড় উপহার সন্তোষ পাঠককে। চৌরঙ্গিতে প্রার্থী করল পদ...
মঙ্গলবার সকালে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল এদিন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বড় উপহার সন্তোষ পাঠককে। চৌরঙ্গিতে প্রার্থী করল পদ্মশিবির। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে বাগদা কেন্দ্র থেকে। উল্লেখ্য, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। সম্পর্কে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। দুজনেই ঠাকুরবাড়ির সদস্য। ফলে বাগদার ভোট ময়দানে এ বার সম্মুখসমরে বৌদি-ননদ। একই সঙ্গে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নতুন প্রার্থী হলেন ডালিম রায়।
এ ছাড়াও মেমারিতে প্রার্থী মানব গুহ, গড়বেতায় প্রদীপ লোধা, বারাবনিতে অরিজিৎ রায়, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতা দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তর দেবাশিস ধর, হাওড়া দক্ষিণ শ্যামল হাতি, পাঁচলা রঞ্জনকুমার পাল, চণ্ডীপুর পীযূষকান্তি দাস।
অন্যদিকে চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। ২০১৬, ২০২১— দু’বারের ভোটে জিতেছেন নয়না। সেখানে এ বার মোক্ষম চাল বিজেপির। প্রার্থী করা হলো সন্তোষ পাঠককে। লড়াই হবে হাড্ডাহাড্ডি, বলছেন এলাকার লোকজনই।