মঙ্গলবার সকালে আদালতের গুরুত্বপূর্ণ সময়ে কলকাতার সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক। নিম্ন আদালতের প্রধান বিচারকের কাছে উড়ো বোমা-হুমকি আসে বলে চাঞ্চল্য ছড়ায় চত্বরে। এরপরেই দ্রুত আদালত ফাঁকা করে শুরু হয় তল্লাশ...
মঙ্গলবার সকালে আদালতের গুরুত্বপূর্ণ সময়ে কলকাতার সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক। নিম্ন আদালতের প্রধান বিচারকের কাছে উড়ো বোমা-হুমকি আসে বলে চাঞ্চল্য ছড়ায় চত্বরে। এরপরেই দ্রুত আদালত ফাঁকা করে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় কলকাতা পুলিস ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। নিয়ে যাওয়া বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ'ও। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে খবর।
তবে এদিন কেবল কলকাতার সিটি সিভিল কোর্ট নয়, রাজ্যের একাধিক জেলার নিম্ন আদালতেও এই বোমাতঙ্কের ঘটনা ঘটে। আসানসোল, মুর্শিদাবাদ, দুর্গাপুর, হুগলি— বিচারকদের মেইলে বোমা হামলার হুমকি আসে বলে খবর। ওই হুমকি ইমেলে আদালত চত্বরে বোমা রাখা আছে বলে জানান হয়। তবে সংশ্লিষ্ট মেইলগুলো কেবল আতঙ্ক তৈরি করার জন্যেই করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে নির্বাচনের আগেই এই বোমাতঙ্কের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে নিম্ন আদালতের বিচারকদের মধ্যে। একইসঙ্গে যে সমস্ত বিচারকেরা SIR-এর দায়িত্ব পেয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই বোমা হুমকি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কী SIR প্রক্রিয়ায় বিভ্রাট এবং ভোটের আগে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করাই উদ্দেশ্যে দুষ্কৃতীদের? উঠছে প্রশ্ন।