'প্রার্থী শুধু পদ্মফুল', বাঁকুড়ার বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হল। এবং প্রশ্ন উঠল, তবে কি গত পাঁচবছরের মার্কশিট বড় বেশি লালদাগ পড়ে গিয়েছে? নাকি, দলের মধ্যে প্রবল...
'প্রার্থী শুধু পদ্মফুল', বাঁকুড়ার বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হল। এবং প্রশ্ন উঠল, তবে কি গত পাঁচবছরের মার্কশিট বড় বেশি লালদাগ পড়ে গিয়েছে? নাকি, দলের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নামের চেয়ে প্রতীক বড় হয়ে গিয়েছে আচমকা?
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধেবেলায়। রাজ্যে বিধানসভা ভোটে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, বিধায়কদের মধ্যে কারা ফের টিকিট পাবেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বঙ্গবিজেপি। এমতাবস্থায়, কিছুদিন আগেও দলে কোণঠাসা ও সম্প্রতি শাহী-আমন্ত্রণে প্রবল আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে ঘোষণা করলেন, এবারেও প্রার্থী হবেন নীলাদ্রিশেখর। শুধু তা-ই নয়। এবার রাজ্যে বিজেপি সরকার গঠিত হচ্ছে ও নীলাদ্রিশেখর দানাই বাঁকুড়ার মানুষের দুঃখ দুর্দশার কথা বিধানসভায় পৌঁছে দেবেন বলেও মন্তব্য করেন।
সভা শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আত্মপক্ষ সমর্থন করে আত্মপ্রত্যয়ী দিলীপ বলেন, "উনি বর্তমানে বিধায়ক, তাই ওঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ প্রয়োজন না হলে দল এ ক্ষেত্রে (প্রার্থী) পাল্টায় না। ওঁকেই জেতাতে হবে আমাদের"।
যাঁকে নিয়ে এই বিতর্ক, সেই নীলাদ্রিশেখরের বিনীতি নিবেদন, "কে প্রার্থী হবেন তা দল ঠিক করবে। তবে প্রার্থী শুধু পদ্মফুল"।
পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাঁকুড়ায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব এতই প্রবল হয়ে উঠেছিল গত লোকসভার মুখে যে, দলেরই সাংসদ সুভাষ সরকারকে কার্যালয়ের ভিতর ঘেরাও করে রাখা হয়। শেষ অবধি, চব্বিশে তৃণমূলের কাছে পরাজিত হন বিজেপির চিকিৎসক-সাংসদ।
এমতাবস্থায় মনে করা হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে নীলাদ্রিশেখরকে জয়ী করতে দলের কর্মীরা একজোট হয়ে কাজ করেন, সেই লক্ষ্যেই দিলীপের এই বার্তা। পর্যবেক্ষকদের কেউ কেউ আবার মনে করছেন, গত পাঁচবছরে নীলাদ্রিশেখরের মার্কশিটে পর-পর লালদাগ রয়েছে। এবং সেই কারণেই আগেভাগে নীলাদ্রিশখরের হয়ে ব্যাট করছেন দিলীপ ঘোষ। তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব দে-র দাবি, "বিগত পাঁচ বছরে বিজেপি বিধায়ককে দেখা যায়নি, কোনও উন্নয়ন করেননি তিনি। এই পাঁচ বছরে উনি কী করেছেন তা জানান আগে। এখন ভোটের আগে এইসব কথা বলে দিলীপ ঘোষ নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন"।