বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হন পুলিস, গণপিটুনিতে প্রাণ যায় এক ব্যক্তির। এবার সেই ঘটনার তদন্তে নেমে আরও পাঁচজন অভিযুক্তকে...
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হন পুলিস, গণপিটুনিতে প্রাণ যায় এক ব্যক্তির। এবার সেই ঘটনার তদন্তে নেমে আরও পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। যার ফলে ধৃতের সংখ্যা হয়েছে ৩৫ জন। পরে তা আরও বাড়তে পারে বলে অনুমাণ পুলিসের।
গত রবিবার পুকুর থেকে উদ্ধার হয়েছিল ১২ বছরের নাবালিকার দেহ। পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই ঘটনায় সন্দেহে বশে এক যুবককে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন তিনি। এমতাবস্থায় গণপিটুনি ও পুলিসের উপর আক্রমণের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিস।
পুলিস সূত্রে খবর, এই দুই মামলায় এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। গণপিটুনিতে নিহতের পরিবারের দাবি, তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত যুবককে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। আগামীকাল অর্থাৎ শনিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উদ্বোধন করবেন নতুন পুলিস ফাঁড়িও।