নির্বাচনী প্রচারে বেরিয়ে ছন্দপতন। স্থানীয় বাসিন্দাদের 'গো ব্যাক' স্লোগানের মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস'কে। এমনকি তাঁকে কালো পতাকা দেখানো হয় বলেও অভি...
নির্বাচনী প্রচারে বেরিয়ে ছন্দপতন। স্থানীয় বাসিন্দাদের 'গো ব্যাক' স্লোগানের মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস'কে। এমনকি তাঁকে কালো পতাকা দেখানো হয় বলেও অভিযোগ। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন খোদ বিজেপি প্রার্থী।
জানা যাচ্ছে, আজ সকালে চিলকিরহাট এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। সঙ্গে ছিলেন তাঁর দলের প্রচুর কর্মী সমর্থকেরা। কিন্তু আচমকা প্রচার চলাকালীন ছন্দপতন ঘটে। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলেন স্থানীয় বাসিন্দারা, দেখানো হয় কালো পতাকাও। ওই সময় বিক্ষোভকারীদের পাল্টা জবাব দিতে শুরু করেন উপস্থিত বিজেপি কর্মীরাও। ওঠে 'জয় শ্রী রাম' স্লোগান। দুই পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে মুহর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
বিক্ষভকারীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করা হয়েছিল। কিন্তু ভোটে জেতার পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। পাশাপাশি SIR প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়েও আজ বিক্ষোভ দেখিয়েছেন তারা।
যদিও এই জনরোষকে বিশেষ গুরুত্ব দেননি বিজেপি প্রার্থী। তাঁর কথায়, 'তৃণমূল কংগ্রেস এইসব করাচ্ছে। এটা একটা কৌশল, প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার। কারণ ওরা জানে, ওরা হেরে গিয়েছে। মানুষ ওদের ঘৃণা করে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই দমবে না।'