বাংলা-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কার্যকর হয়েছে 'স্যার'। এই অবস্থায় কমিশনের পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগাগোড়াই রাজ্যের একজনও যোগ্য ভোটারের না...
বাংলা-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কার্যকর হয়েছে 'স্যার'। এই অবস্থায় কমিশনের পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগাগোড়াই রাজ্যের একজনও যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, তা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছে তৃণমূল। এবার সেই লক্ষ্যে আজ শুক্রবার দলের সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে বিএলএ-দের বিশেষ নজরে রেখে অভিষেকে তাঁদের পরামর্শ দিয়ে জানিয়েছেন যে, বিএলও-দের 'ছায়াসঙ্গী' হয়ে থাকতে হবে তাঁদের। তাঁর বক্তব্য, বিএলও-দের কেউ এক মুহূর্তের জন্যে ছাড়বেন না। অনৈতিক কাজ যেন না হয়। এটা দেখার দায়িত্ব বিএলএ-২-এর। বিজেপির লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারীদের বার করা নয়। সেটা হলে আসাম, মেঘালয়, ত্রিপুরা, সহ বাকি রাজ্যেও করত। কিন্তু করেনি।'
কমিশনের ঘোষণার পরেই গত ২৮ অক্টোবর থেকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছে। মোট তিন ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে রাজ্যে। বর্তমানে বিএলও-দের প্রশিক্ষণের কাজ চলছে। এরপর আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও তোলার কাজ। আর এই গোটা সময়ে সাধারণ মানুষের যেন কোন অসুবিধা না হয় তার জন্য অভিষেক দফতরের তরফে হেল্পডেস্ক তৈরি করা হবে। এছাড়াও কোনও অভিযোগ জানাতে হলে ‘দিদির দূত’ অ্যাপ থাকবে। সেখানে সারাদিনের যে যে তথ্য তৈরি হবে তা দিনশেষে পাঠাতে হবে অভিষেক দফতরে। এমনকি যদি দিদির দূত অ্যাপ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি ফোন করা যাবে ৮১৪২৬৮১৪২৬ এই নাম্বারে।
এদিন বৈঠকে সমস্ত কর্মীদের আশ্বাস দিয়ে অভিষেকে জানিয়েছেন, এই গোটা কর্মযজ্ঞে অভিষেকে নিজে পথে নেমে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবেন। তিনি জানান, 'সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে। এই ছয় মাস আমাদের কাছে অ্যসিড টেস্ট।' সেই সঙ্গেই বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে একপ্রকার হুঁশিয়ারির সুরেই অভিষেক জানিয়েছেন, 'একটা ভোটারের নাম বাদ গেলে বারোটা বাজিয়ে ছাড়ব।'