ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার দিনভর উত্তপ্ত হয়ে থাকল মালদহের কালিয়াচক। রীতিমত বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হল উপস্থিত ৭ জুডিশিয়াল অফিসারকে। মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয় তাঁদের। পরে ...
ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার দিনভর উত্তপ্ত হয়ে থাকল মালদহের কালিয়াচক। রীতিমত বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হল উপস্থিত ৭ জুডিশিয়াল অফিসারকে। মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয় তাঁদের। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিসের লাঠিচার্জে ছত্রভঙ্গ হন বিক্ষোভকারীরা। সেই সময়ে ওই সাত অফিসারকে উদ্ধার করা হয় বলে খবর। উদ্ধারের সময় কনভয়ে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাত পর্যন্ত উত্তেজনা চলে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়কে।
বুধবার প্রথম উত্তেজনা ছড়ায় সুজাপুর বিধানসভা কেন্দ্রের সুজাপুর হাসপাতাল মোড় এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়কে কাঠের গুড়ি ফেলে আগুন লাগিয়ে অবরোধ করা হয়। এরপর মধ্যরাত পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ভোর রাতে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।
এরই পাশাপাশি সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ নম্বর ব্লক অফিস চত্বরেও ভোটার লিস্টের নাম বাতিলের প্রতিবাদে ধরনায় বসেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ব্লক অফিস চত্বরে ধরনা দেন তিনি। এরপর যদুপুর এলাকাতেও পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে চরম উত্তেজনা ছড়ায় কালিয়াচকের একাধিক এলাকায়।
তবে সর্বাধিক উদ্বেগের ছবি ধরা পড়ে মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লকে। অভিযোগ, বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। রীতিমত জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। তবে এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে SIR-এর কাজে যাওয়া বিচারকদের নিরাপত্তা নিয়েও। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনাটি রাতেই হাই কোর্টকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতর। এই ঘটনায় মালদহের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসে বিচারবিভাগীয় আধিকারিকরা বিবেচনাধীন ভোটারদের নাম নিষ্পত্তির কাজ করছিলেন। অভিযোগ, সন্ধ্যের পরও তাঁদের সেখান থেকে বেরতে দেওয়া হয়নি। উন্মত্ত জনতা তাঁদের বিডিও অফিসেই আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর গভীর রাতে জুডিশিয়াল অফিসারদের সেখান থেকে উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধারের সময় বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সেই সময় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিস। পরে গভীর রাতে ঘটনাস্থলে অতিরিক্ত জেলাশাসক গিয়ে চার দিনের মধ্যে বৈধ ভোটারদের নাম তালিকায় তোলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।