তিলজলা-তপসিয়ায় বেআইনি নির্মাণ ভাঙতে পৌঁছে গিয়েছে বুলডোজার। আপাতত কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে ঠিকই, তবে এই রক্ষাকবচ দিনকয়েকের বেশি কাজ করবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে রাজ্যের ন...
তিলজলা-তপসিয়ায় বেআইনি নির্মাণ ভাঙতে পৌঁছে গিয়েছে বুলডোজার। আপাতত কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে ঠিকই, তবে এই রক্ষাকবচ দিনকয়েকের বেশি কাজ করবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে, বেআইনি নির্মাণের ক্ষেত্রে তাঁর সরকার জিরো-টলারেন্স নীতি নিয়েছে। এই পরিস্থিতিতে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করছেন, যাঁদের থেকে তাঁরা ফ্ল্যাট-বাড়ি কিনেছেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। আইনি না বেআইনি তাঁরাই ভালো বলতে পারবেন।
সূত্রের খবর, তৃণমূলের সিন্ডিকেট লবির লোকজন একান্ত পরিসরে বলাবলি করছে, ঘাসফুল জমানায় বিধায়ক জাভেদ খান ও তাঁর কাউন্সিলর-পুত্র ফৈয়াজ খানের সৌজন্যে পিকনিক গার্ডেন, তিলজলা, তপসিয়ায় অসংখ্য বেআইনি নির্মাণ হয়েছে। যেখানে জি প্লাস-৩ -এর অনুমোদন দিয়েছে পৌরসভা, সেখানে সোজা জি প্লাস -৬ তৈরি করে গেছে জাভেদ খান অ্যান্ড সন্স! শুধু তা-ই নয়। একদা আইনসম্মতভাবে নির্মিত ফ্ল্যাটের গায়ের উপর অধুনা বেআইনিভাবে নির্মিত ফ্ল্যাট প্রায় হুমড়ি খেয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুটি বাড়ির মধ্যে দূরত্ব এতটাই কম! এর ফলে শুধু যে আলো-হাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন পুরনো বাসিন্দারা, তা নয়। সেই সঙ্গে এক আতঙ্কও তাড়া করে বেড়াচ্ছে, তাঁদের বাড়ির উপর বেআইনি ফ্ল্যাট ভেঙে পড়বে না তো?
কসবার তৃণমূল বিধায়ক (যাঁর বিধানসভা কেন্দ্রের অধীনে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক চলছে) জাভেদ খানের দাবি, "সব বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে। আমাদের আমলে কোনও বেআইনি নির্মাণ হয়নি। কখনও কোথাও কোনও বেআইনি নির্মাণের খবর পেলেই আমরা পদক্ষেপ করেছি"।
পর্যবেক্ষকরা বলছেন, এর চেয়ে নির্জলা মিথ্যে আর হতে পারে না। তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, গত পৌরসভার নির্বাচনে ৬৬ নম্বর ওয়ার্ডে ৬২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন জাভেদ-পুত্র ফৈয়াজ! কোনও কাউন্সিলর পদপ্রার্থী এত ভোটে জয়ী হয়ে কলকাতা পৌরসভায় গিয়েছেন কি না সন্দেহ! এমতাবস্থায়, জাভেদ অ্যান্ড সন্স হাজারে-হাজারে বেআইনি নির্মাণ করবে না তো কে করবে?
রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছেন দু-বছর আগের একটি ঘটনা।
দু-বছর আগে, ২০২৪ সালের মার্চ মাসে গার্ডেনরিচে একটি বেআইনি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এলাকার বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, "বামফ্রন্ট আমল থেকে চলছে এই সব বেআইনি নির্মাণ, বর্তমান পৌরসভা বা সরকারের কিছু করার নেই"।
পর্যবেক্ষকরা বলছেন, বন্দর এলাকায় ফিরহাদ হাকিম সেদিন যে-নির্জলা মিথ্যা বলেছিলেন, বেআইনি নির্মাণ নিয়ে এবার তিলজলা-তপসিয়াতে ঠিক তা-ই-ই বললেন জাভেদ খান। এবং, স্থানীয়দের বক্তব্য, জাভেদ খান অ্যান্ড সন্সের বেআইনি নির্মাণের বিরুদ্ধে পৌরসভায় দিস্তা-দিস্তা অভিযোগ পত্র দিয়েও কোনও লাভ হয়নি। যদিও, 'টক টু মেয়র' অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বেআইনি নির্মাণ নিয়ে কোনও অভিযোগ পেলেই বরাবর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে গেছেন, নিয়ম করে, নিয়মিতভাবে।