ডাকাতির বড়সড় ছক ভেস্তে দিল পুলিস। ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মজিদ সেখ ওরফে ঠান্ডু, আমিরুল দফাদার ওরফে বিলাই, সাজিদ হাসান ব...
ডাকাতির বড়সড় ছক ভেস্তে দিল পুলিস। ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মজিদ সেখ ওরফে ঠান্ডু, আমিরুল দফাদার ওরফে বিলাই, সাজিদ হাসান বিশ্বাস, সাহিন মণ্ডল।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে নদিয়ার চাপড়ার পিতাম্বরপুর জাগরণ সংঘের মাঠে ৯-১০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত হয়। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিস সেখানে অভিযান চালায়। পুলিস দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে। তখন চার জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ, দা, হাঁসুয়া, শাবল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে বলে খবর। ঘচনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।