বুধবারের পর ফের বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল মালদহ। নতুন করে বিক্ষোভ, পথ অবরোধ শুরু মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম ভো...
বুধবারের পর ফের বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল মালদহ। নতুন করে বিক্ষোভ, পথ অবরোধ শুরু মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ সকাল থেকে এই অভিযোগকে সামনে রেখেই পুনরায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। ফলে কার্যত ব্যাহত হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। তীব্র যানজট তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর নিরাপত্তা বাহিনীর ও পুলিস। বুধবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই আজ অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে কমিশন।
বুধবারও গোটা দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদহের একের পর এলাকা। SIR-এ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রীতিমত ক্ষোভের আগুন ছড়ায় স্থানীয় জনগণের মধ্যে। অন্যদিকে গতকালের ঘটনার নেপথ্যে রাজনৈতিক 'উস্কানি' রয়েছে বলে দাবি করা হয়েছে শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধী দলের তরফে ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিক্ষিপ্ত অশান্তির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তারা।
বুধবার প্রথম উত্তেজনা ছড়ায় সুজাপুর বিধানসভা কেন্দ্রের সুজাপুর হাসপাতাল মোড় এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়কে কাঠের গুড়ি ফেলে আগুন লাগিয়ে অবরোধ করা হয়। এরপর মধ্যরাত পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ভোর রাতে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এরই পাশাপাশি সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ নম্বর ব্লক অফিস চত্বরেও ভোটার লিস্টের নাম বাতিলের প্রতিবাদে ধরনায় বসেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ব্লক অফিস চত্বরে ধরনা দেন তিনি। এরপর যদুপুর এলাকাতেও পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে চরম উত্তেজনা ছড়ায় কালিয়াচকের একাধিক এলাকায়।
তবে সর্বাধিক উদ্বেগের ছবি ধরা পড়ে মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ নম্বর ব্লকে। অভিযোগ, বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। রীতিমত জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। তবে এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গতকাল রাতের গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এবার সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের নতুন করে উদ্বেগ ছড়ালো মালদহের মঙ্গলবাড়িতে।