দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশ্যে চূড়ান্ত ভোটার তালিকা। পরিবারের ৯ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হল এক বৃদ্ধর। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্...
দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশ্যে চূড়ান্ত ভোটার তালিকা। পরিবারের ৯ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হল এক বৃদ্ধর। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের ঘটনা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আব্দুল শেখ (৭০)। হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হয় তাঁর। ঘটনার পর গুধিয়া বকুলতলা মোড়ে সোমবার সকাল থেকে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়কে তৃণমূলের তরফ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় এক ঘন্টা ধরে আটকে থাকে বহু গাড়ি। পোড়ানো হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা।
এরপর খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু গাড়ি পথ পরিবর্তন করে যায়।তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়-সহ ব্লকের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এদিনের পথ অবরোধে। মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার ছিলেন আব্দুল শেখ। চূড়ান্ত তালিকায় নাম বিচারধীন থাকায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়।