রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রেজিনগরে জনসভা থেকে তিনি জানিয়েছেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় এনে পরি...
রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রেজিনগরে জনসভা থেকে তিনি জানিয়েছেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় এনে পরিষেবা দেবে রাজ্য সরকার। তাঁর কথায়, 'আয়ুষ্মান ভারত যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে।' সঙ্গে তিনি আরও বলেন, 'এই কার্ডের সুবিধা শুধুমাত্র এ রাজ্যে নয়, সারা ভারতে যেন পাওয়া যায়, সে ব্যাপারে নিশ্চিত করবে রাজ্য সরকার।'
কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। শুরু হয়েছে ফর্ম পূরণ প্রক্রিয়া। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। জুলাই মাস থেকেই সরকারি স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ করাও সম্ভব হবে। যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া।
এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জি রামজি প্রকল্প-একাধিক বিষয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধি যোজনায় কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে আরও ৩ হাজার টাকা যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।
বলে রাখা ভালো, আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়াও ভূমিহীন এবং দিনমজুর পরিবার, তফসিলি জাতি এবং জনজাতিভুক্ত পরিবার, যাঁরা কাঁচাবাড়ি কিংবা এক কামরার বাড়িতে বসবাস করেন, যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনও রোজগেরে পুরুষ সদস্য নেই, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে ৭০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতাধীন। বাকিদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।