বাড়িতে বাড়িতে রয়েছে কল, কিন্তু সেই কল থেকে একফোঁটাও জল পরে না। ফলে কাউকে এক কিলোমিটার, আবার কাউকে দেড় কিলোমিটার পর্যটন যেতে হয় জল বয়ে আনতে। বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে ক্ষোভ...
বাড়িতে বাড়িতে রয়েছে কল, কিন্তু সেই কল থেকে একফোঁটাও জল পরে না। ফলে কাউকে এক কিলোমিটার, আবার কাউকে দেড় কিলোমিটার পর্যটন যেতে হয় জল বয়ে আনতে। বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে ক্ষোভ গ্রামবাসীর।
তবে এই সমস্যা আজকের নয়। প্রায় বছর দুয়েক ধরেই জলের অভাবে ভুগতে হচ্ছে কালনা ২ নম্বর ব্লকের কল্যানপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বাসিন্দাদের। বছর দু'য়েক আগে জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের (PHE)-তরফে এই এলাকার বাড়ি বাড়ি জলের কল বসান হয়েছিল। কিন্তু দিন, মাস, বছর গড়িয়ে গেলেও সেই কল থেকে জল পায়নি বাসিন্দারা।
দীর্ঘদিন না ব্যবহারের ফলে কলগুলির মুখে জং ধরতে শুরু করেছে। কিছু কলের মুখ আবার বস্তা বাধা অবস্থায় পরে আছে। গ্রামবাসীদের অভিযোগ, অনেক দূর থেকে জল বয়ে নিয়ে এসে খেতে হয়। গ্রীষ্মকালের সময় সমস্যা আরও প্রকট হয়। আর দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সম্মুখীন শুধু একটি পরিবার নয়। প্রায় ১৪০০-র বেশি পরিবার এই জলকষ্টের শিকার।
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য ডলি মুর্মু বলেন, 'গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ জানিয়েছে, আমি পঞ্চায়েত PHE দফতরে জানিয়েছি, কিন্তু কোন ফল হয়নি।' PHE দফতরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্লোল বসু শুক্রবার জানান, 'দু'বছর ধরে সমস্যা নয় সাত-আট মাস ধরে এই সমস্যা। যে সংস্থা এই কাজ করছিল সরকারি পেমেন্টের সমস্যার কারণে তারা কাজ বন্ধ করে দিয়েছে। সরকারি পেমেন্ট পেলেই সমস্যার সমাধান হবে।'