তারকেশ্বর থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করল তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পট্যাটো গ্রোয়ার্স এন্ড ট্রেডার্স অর্গানাইজেশন। অন্যদিকে শাসক দলের এই পদক্ষেপের পাল্টা কটাক্ষ ছ...
তারকেশ্বর থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করল তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পট্যাটো গ্রোয়ার্স এন্ড ট্রেডার্স অর্গানাইজেশন। অন্যদিকে শাসক দলের এই পদক্ষেপের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। তাঁদের দাবি-'চাষীদের ললিপপ দেখানো হচ্ছে, এতে চিঁড়ে ভিজবে না।'
সোমবার তারকেশ্বর থেকে মালগাড়ি করে আসাম ও ত্রিপুরায় উদ্দেশে আলু পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রতি মালগাড়ি করে ৪২ হাজার প্যাকেট আলু পাঠানো হচ্ছে বলে খবর সূত্রের। সপ্তাহে অনন্ত দুটি আলু বোঝাই মালগাড়ি ভিন রাজ্যে পাঠানো হবে বলেও খবর। তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠনের দাবি ভিন রাজ্যে আলু পাঠানোর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার আলু চাষীদের। ভিন রাজ্যে আলু পাঠিয়ে বস্তা প্রতি কুড়ি টাকা দাম বেড়েছে বলেও জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। তাঁদের আরও দাবি উৎপাদিত অতিরিক্ত আলু ভিন রাজ্যে পাঠান হচ্ছে যাতে মাঠে আর আলু নষ্ট না হয়। পাশাপাশি জানা যাচ্ছে, ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য চাষীদের থেকে বস্তা প্রতি (৫০ কেজি) ২৬০ টাকায় কেনা হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, 'আসলে ভোটের সময়ে তৃণমূল পালে হাওয়া টানতে মরিয়া হয়ে গেছে। ওটা আবার দাম হল? এটা চাষিদের ললি পপ দেখানোর মত করা হচ্ছে। এতে চিঁড়ে ভিজবে না। ভোটে মানুষ দেখিয়ে দেবে যে কোন কিছুতেই মানুষ আর তৃণমূল কে আনবে না।পরিবর্তন হবেই।'
উল্লেখ্য, এবছর রাজ্য জুড়ে আলু উৎপাদন ১ কোটি ২৫ লক্ষ মেট্রিক টন। বিগত বছর গুলিতে সর্বোচ্চ আলুর উৎপাদন ছিল ৯৫ লক্ষ মেট্রিক টন। অন্যদিকে রাজ্যে আলুর চাহিদা ৬০ লক্ষ মেট্রিক টন। হিমঘরে মজুদ করার ব্যবস্থা আছে ৮৫ লক্ষ মেট্রিক টন।