বুধবার কাকভোরে শুটআউট হাওড়ায়। প্রকাশ্য রাস্তায় পর পর গুলি চালিয়ে খুন প্রোমোটারকে। অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পরে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ইতিম...
বুধবার কাকভোরে শুটআউট হাওড়ায়। প্রকাশ্য রাস্তায় পর পর গুলি চালিয়ে খুন প্রোমোটারকে। অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পরে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম শফিক খান। এদিন ভোরে রোজার খাওয়ার নিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বাড়ির সামনেই যুবককে পর পর গুলি চালায় হারুন খান ও রোহিত নামে দুই দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে সেই মুহূর্তের হাড়হিম ভিডিও ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিস। সেখানে দেখা গিয়েছে শফিকের সঙ্গে কথা বলতে বলতেই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। শফিকের মাথা ও বুকে গুলি লাগে বলে খবর। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিস। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শফিক প্রোমোটারি করতেন। অভিযুক্ত হারুন ও রোহিত ওই এলাকায় এর আগেও বহু দুষ্কৃতীমূলক কাজ করেছেন। তাঁদের কাছে সবসময় আগ্নেয়াস্ত্র থাকত বলেও জানিয়েছে পরিবার। এই অবস্থায় শফিকের মৃত্যুতে অভিযুক্তদের কড়া শাস্তি হোক বলে দাবি তুলেছেন শফিকের দাদা।
এদিন ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছান ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনিও অভিযুক্ত হারুনকে 'সমাজবিরোধী' বলে মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে এলাকায় পুলিসি সক্রিয়তা আরও বাড়ানো উচিত বলেও দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত হারুনের সঙ্গে শাসক দলের যোগ রয়েছে বলেও জানা গিয়েছে সূত্র মারফত। সে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ট বলেও খবর। এমনকি দু'জনের একসঙ্গে বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে এসেছে। এমতাবস্থায় বিধায়কের মদতে এলাকায় অপরাধমূলক কাজ বাড়ছে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কে স্থানীয়রাও।