SIR সংক্রান্ত সব কাজ সঠিক গতিতে এগোচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে এসে শাসক দলের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় কমিশনের দল পৌঁছাতেই তাঁদের ঘিরে ধরে...
SIR সংক্রান্ত সব কাজ সঠিক গতিতে এগোচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে এসে শাসক দলের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় কমিশনের দল পৌঁছাতেই তাঁদের ঘিরে ধরে স্থানীয় তৃণমূল সমর্থক মহিলারা। তাঁদের দাবি, কেন্দ্র দিনের পর দিন বাংলাকে বঞ্চিত করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আবাস যোজনার টাকাও দিচ্ছে না। আগে কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া মেটাবে তারপর SIR হবে। এদিন বিক্ষোভকারীদের একাংশ 'বিজেপি হটাও দেশ বাঁচাও' বলেও স্লোগান দিতে থাকেন কমিশনের আধিকারিকদের সামনে।
আজ বৃহস্পতিবার SIR সংক্রান্ত কাজের পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধি দল। ছিলেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। কোন বুথে কত মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। বুথ স্তরের আধিকারিকেরা আদৌ ঠিকমত কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা। বয়স্ক ব্যক্তিদের বাড়ি ঘুরে ঘুরে তাঁরা জীবিত না মৃত তা সরোজমিনে পর্যবেক্ষণ করেন মুরুগান। কিন্তু এর মধ্যেই আচমকা শুরু হয় বিক্ষোভ। যাদের মধ্যে অধিকাংশই ছিলেন তৃণমূলের মহিলা সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে নিজেদের অভিযোগ জানান তাঁরা।
অন্যদিকে এই অতর্কিত বিক্ষোভে বেজায় বিরক্ত হয়েছেন কমিশনের আধিকারিক মুরুগান। তিনি এই বিষয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব করবেন বলে জানিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে বিশেষ পর্যবেক্ষণে এসে কেন আচমকা বিক্ষোভের মুখে পড়তে হল কমিশনের আধিকারিকদের? সত্যিই কী জমা ক্ষোভ, নাকি সবটাই পূর্ব পরিকল্পিত? উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।