"পুরোটাই নাটক, ভাঙড় ক্যানিংয়ের মানুষ এবার শওকতের ঘুম হারাম করে দেবে", ভাঙড়ে শওকত মোল্লার গাড়িতে বোমাবাজির ঘটনায় মন্তব্য ত্বহা সিদ্দিকির। ফের বেসুরো ত্বহা সিদ্দিকি?ফের বেসুরো ফুরফুরা...
"পুরোটাই নাটক, ভাঙড় ক্যানিংয়ের মানুষ এবার শওকতের ঘুম হারাম করে দেবে", ভাঙড়ে শওকত মোল্লার গাড়িতে বোমাবাজির ঘটনায় মন্তব্য ত্বহা সিদ্দিকির।
ফের বেসুরো ত্বহা সিদ্দিকি?
ফের বেসুরো ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। ভাঙড়ে তৃণমূলের বিশেষ পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়িতে বোমা-হামলার ঘটনায় যখন গ্রেফতার করা হচ্ছে আইএসএফ কর্মীদের, তখন তাকে 'সাজানো' ঘটনা বলে কটাক্ষ করলেন ত্বহা। এবং কার্যত আইএসএফ ও নওশাদের পক্ষ নিয়েই বললেন, "শওকত কী যন্তর, কী জিনিস, তা সবাই জানে"।
কী বলছেন ফুরফুরা শরিফের 'তৃণমূল-ঘনিষ্ঠ' পীরজাদা ত্বহা সিদ্দিকি?
"ভাঙড়ে যে শওকত মোল্লার উপর আক্রমণ হয়েছে, আমি একশো শতাংশ নিশ্চিত, এটা অসম্ভব। কারণ, ভাঙড়ে যা খুনোখুনি হবে, যা বোমা মারামারি হবে, তা শওকত মোল্লার লোকেরাই করবে। ওটাই ওদের কাজ। ভাঙড়-ক্যানিংয়ের সাধারণ মানুষ খুনোখুনিকে পছন্দ করে না। সেখানে শওকত ও তার দলবল খুনোখুনি পছন্দ করে। শওকত মোল্লা এমন একটা মাল, ও এমন একটা যন্তর, এমন একটা জিনিস, ও নিজে কিছু করে না। ও লোককে দিয়ে করায়। সামনে ভোট, আমার মনে হয়, পরিকল্পনা করে কারুকে দিয়ে এই বোমাবাজি করানো হয়েছে। নিরাপত্তা বাড়ানোর জন্য। এটা একেবারে শওকতের নিরাপত্তা বাড়ানোর চাল। সেইসঙ্গে, কাইজার (ভাঙড়ের তৃণমূল নেতা)-কে খুন করার যে হুমকি দিয়েছে ও, তা চাপা দেওয়ার একটা চাল। শওকত মোল্লা কী জিনিস, তা ক্যানিং-ভাঙড়ের মানুষ ভালোই জানে। শওকত মোল্লাকে আক্রমণ করা হয়েছে, এ খবর শুনে শুধু ভাঙড় ক্যানিংয়ের মানুষ হাসছে না। গোটা বাংলার মানুষ হাসছে। কারণ, ভাঙড়-ক্যানিংয়ে খুনোখুনির রাজনীতি একমাত্র শওকত মোল্লাই করে। ভাঙড়-ক্যানিংয়ের মা-বোনেদের ঘুম হারাম করে দিয়েছে, বাচ্চাদের ঘুম হারাম করে দিয়েছে শওকত মোল্লা। শওকতের উপর যে হামলা হয়েছে, তা পুরোপুরি পরিকল্পিত। ওকে দলের ওপরতলার নেতৃত্ব হয়তো বলেছে, তোমার নিরাপত্তা বাড়াবো, বাড়াতে গেলে তোমাকে এই ধরনের কাজ করতে হবে। নিজের নিরাপত্তা বাড়িয়ে আরও মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে শওকত। এটাই আমার মনে হচ্ছে। তবে এবার শওকত মোল্লার ঘুম হারাম করে দেবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ। খুন-খারাবি করে নয়, ভোটের মাধ্যমে"।
পর্যবেক্ষকরা লক্ষ করছেন, ফুরফুরা শরিফের তৃণমূলপন্থী শিবিরের অন্যতম মুখ ত্বহা সিদ্দিকি বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছেন। এবং তার নেপথ্যে রয়েছে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, শুধু ত্বহা সিদ্দিকি নন, মুর্শিদাবাদ ও মালদহের মতো মুসলিম অধ্যুষিত জেলাতেও সংখ্যালঘুদের অনেকেই তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। এমতাবস্থায়, সরাসরি হোক বা ঘুরপথে, ফুরফুরার ত্বহা সিদ্দিকি যদি আইএসএফ-এর নওশাদ সিদ্দিকির পাশে থাকেন, তাহলে তা তৃণমূলের কাছে রীতিমতো অশনি সংকেত।