ভোটমুখী বঙ্গে তৃণমূলকে আরও চাপে ফেলাই উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে সফল করতে শুক্রবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পা দিয়েই শনিবার শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযো...
ভোটমুখী বঙ্গে তৃণমূলকে আরও চাপে ফেলাই উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে সফল করতে শুক্রবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পা দিয়েই শনিবার শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলে 'চার্জশিট' পেশ করলেন শাহ। দুর্নীতি থেকে অনুপ্রবেশ, আরও একাধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের দিকে আঙ্গুল তুললেন তিনি। তাঁর অভিযোগে উঠে এল আরজি কর প্রসঙ্গও।
এদিন প্রথমেই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে শাহ বলেন, 'পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। অসমে (বিজেপি) ক্ষমতার আসার পর অনুপ্রবেশকারী আর একটিও নেই। এই কারণে বাংলার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বাংলার আসন্ন ভোটে তৃণমূলের অরাজকতার জবাব দেবে জনতা।' প্রসঙ্গত, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের তরফে জমি দেওয়া হচ্ছে না বলে আগাগোড়াই অভিযোগ তুলেছিল কেন্দ্র। আর সেই কারণেই বাংলায় এত অনুপ্রবেশ হচ্ছে বলেও দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এদিন এই প্রসঙ্গ তুলেও তৃণমূলকে খোঁচা দেন শাহ। বলেন, 'উনি বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন, আমি বলি, স্বরাষ্ট্রমন্ত্রক তখনই কাজ করতে পারবে যখন আপনারা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেবেন।'
উল্লেখযোগ্যভাবে আজ বিজেপির চার্জশিটে জায়গা পেয়েছে বাংলার নারী সুরক্ষার দিকটাও। এই প্রসঙ্গ তুলে আরজি কর, কামদুনি, সন্দেশখালি, কসবা ল কলেজ, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণের মতো একাধিক ঘটনার কথা তুলে ধরেন শাহ। এদিন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, 'ভোট আসলেই মমতা সবসময় ভিকটিম কার্ড খেলেন। কখন পা ভাঙেন। কখনও মাথা ফাটান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালিগালাজ করেন।'