সম্প্রতি সিনেমার প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। নিজের সমাজমাধ্যমেই সেই কথা পোস্ট করে জানিয়েছেন গায়ক। আর সেই পোস্ট সামনে আসতেই মন খারাপ গান প্রেমীদের। আচমকা কী কারণে গান ছাড়লেন সুরের জাদু...
সম্প্রতি সিনেমার প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। নিজের সমাজমাধ্যমেই সেই কথা পোস্ট করে জানিয়েছেন গায়ক। আর সেই পোস্ট সামনে আসতেই মন খারাপ গান প্রেমীদের। আচমকা কী কারণে গান ছাড়লেন সুরের জাদুকর, তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এরমধ্যেই অরিজিতের রাজনীতিতে পা রাখা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, গানের দুনিয়ার পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও ছক্কা হাঁকাতে চলেছেন গায়ক। যদিও সেই সম্পর্কিত কোন যুক্তিযোগ্য তথ্য এখনও সামনে আসেনি।
বস্তুত, বিগত কয়েক বছর ধরে গানের জগতে শীর্ষ সারিতে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন অরিজিৎ। বাংলা, হিন্দি, পাঞ্জাবি-সহ একাধিক ভাষায় গান গেয়ে শ্রোতাদের বারবার মুগ্ধ করেছেন তিনি। এক কথায়, যে গানেই তিনি সুর দিয়েছেন তাই হিট হয়েছে। ফলে এই অবস্থায় তাঁর প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যে শ্রোতাদের আঘাত দিয়েছে তা বলাই বাহুল্য। এর মধ্যেই সমাজমাধ্যমে গায়কের রাজনীতিতে যোগ দেওয়ার কিছু পোস্ট সামনে এসেছে। যাকে কেন্দ্র করে নেট নাগরিকদের মধ্যে বেড়েছে কৌতূহল।
যদিও প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণ নিয়ে অন্য কথা বলেছেন অরিজিৎ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, 'এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।' শেষে গায়কের সংযোজন, 'আমি আসলে নতুন ধরনের গায়ক-গায়িকাদের গান শুনতে চাই। যাঁরা আমাকে অনুপ্রাণিত করতে পারবেন।'