কালিয়াচকে ৭ জন বিচারবিভাগীয় আধিকারিককে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। নির্বাচন কমিশন ওই ঘটনার তদন্তভার তুলে দিয়েছে এনআইএ-র হাতে। এমতাবস্থায়, শুধু অ...
কালিয়াচকে ৭ জন বিচারবিভাগীয় আধিকারিককে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। নির্বাচন কমিশন ওই ঘটনার তদন্তভার তুলে দিয়েছে এনআইএ-র হাতে। এমতাবস্থায়, শুধু অশান্তিপ্রবণ এলাকাতেই নয়, কার্যত সর্বত্র কেন্দ্রীয় বাহিনীকে সজাগ রাখা হয়েছে। এমতাবস্থায়, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ দাবি করলেন, "সিআরপিএফের গাড়ি করে টাকা আসছে, আমার কাছে রেকর্ড আছে, টাইমলি এক্সপোজ করবো"।
পর্যবেক্ষকরা কেউ কেউ মনে করছেন, এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর 'দাপট' মেনে নিতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। বাংলায় এবার ভোটের মুখে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। নির্ঘণ্ট ঘোষণার আগেই চলে এসেছে প্রায় ৫০০ কোম্পানি বাহিনী। দু-দফার ভোটে প্রতি দফায় কমবেশি আড়াইহাজার কোম্পানি বাহিনী থাকবে। বুথের নিয়ন্ত্রণও থাকবে বাহিনীর হাতে। কমিশনের যুক্তি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার বদ্ধপরিকর তারা। এমতাবস্থায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এবং, যা নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি। শীতলকুচি থেকে পাঁচবছর আগের স্মৃতি উস্কে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাহিনীকে এক হাত নিয়েছেন। এমতাবস্থায়, বাহিনীর জওয়ানদের (যাঁদের একটা বড় অংশই সিআরপিএফ) গাড়িতে করে টাকা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ।
একদিকে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানো আর অন্যদিকে পুলিস প্রশাসনের শীর্ষস্তরে রদবদল, দুই-ই একসঙ্গে করে চলেছে কমিশন। এমতাবস্থায়, মালদহের কালিয়াচকের ঘটনায় মূল চক্রী মোফাক্কেরুল গ্রেফতার হয়েছে রাজ্যের সিআইডি-র তৎপরতায়, তা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। পর্যবেক্ষকদের মতে, কমিশনের অদল-বদলের পর পুলিসের শীর্ষস্তরে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁদের চেয়েও বেশি দক্ষ রাজ্যে সিআইডি, এই বার্তাই দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।