আরজি কর হাসপাতালের লিফ্ট কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা। এবার এনআরএস হাসপাতালের সিসিইউ বিভাগের ছাদের চাঙড় ভেঙে বিপত্তি। দুর্ঘটনার সময় সেখানে ১২ জন রোগী ছিলেন। অল্পের...
আরজি কর হাসপাতালের লিফ্ট কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা। এবার এনআরএস হাসপাতালের সিসিইউ বিভাগের ছাদের চাঙড় ভেঙে বিপত্তি। দুর্ঘটনার সময় সেখানে ১২ জন রোগী ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলেই। তবে ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বর জুড়ে। পাশাপাশি হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগের এইরূপ বেহাল দশা নিয়েও উঠছে প্রশ্ন।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে এনআরএস হাসপাতালের ষষ্ঠ তলার সিসিইউ বিভাগে ঘটে বিপত্তি। কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পরে ছাদের একটা বড় অংশের চাঙড়। আলাদা হয়ে যায় ওই বিভাগের পিলার ও দেওয়াল। এমনকি ওই চাঙড় ভেঙে পড়ায় ফাঁটল ধরে মেঝেতেও। ওই মুহূর্তে সেখানে ১২ জন রোগী উপস্থিত ছিলেন। তবে প্রত্যেকেই বরাতজোরে প্রাণে বেঁচেছেন। বর্তমানে তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। এদিন সকালে ওই দুর্ঘটনাটি ঘটার পর থেকেই বন্ধ রাখা হয়েছে সিসিইউ বিভাগ। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে আরজি করের মেয়েদের হস্টেলের একটি শৌচালয়ের সিলিং থেকে আচমকা একটি চাঙড় ভেঙে পড়ে। ঘটনাচক্রে, সেই সময় শৌচালয়ে কেউ ছিলেন না। ফলে বড়সড় বিপদ এড়ানো যায়। ঘটনায় পড়ুয়াদের একাংশ অভিযোগ তোলেন, আরজি কর মেডিক্যাল কলেজের ললিত মেমোরিয়াল-সহ অন্য হস্টেলগুলির অবস্থাও শোচনীয়। পরিকাঠামোগত সমস্যা রয়েছে। আর সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের একই ছবি ধরা পড়ল এনআরএস হাসপাতালে।