শেষ রাউন্ডের শুরু হয়ে গেল আজ। এবার 'বাদ'-বিবাদের কাটাকুটি খেলা। এমতাবস্থায়, দৃশ্যতই আত্মবিশ্বাসী রাজ্যের মুখ্য নির্বাচনী মনোজ আগরওয়াল জানালেন,
সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশে, এ-দেশের সংসদীয় রাজনীতিতে এই প্রথম কোনও রাজ্যে বিচারক তথা বিচারবিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন, ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। কে যোগ্য, কে অযোগ্য, কে বৈধ, কে অবৈধ, তার ফয়সালা হবে আদালতের নজরদারিতে।
কীভাবে সিদ্ধান্ত নেবেন বিচারকরা?
প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের পোর্টালে নির্দিষ্ট জায়গায় গিয়ে নাম ও ফোন নম্বর দিলে বিচারকদের কাছে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর বিচারকের জন্য নির্ধারিত এলাকার (বুথ বা পার্ট) ভোটারদের তথ্য দেখা যাবে।
তারপর?
সূত্রের খবর, স্ক্রিনের বাঁ-দিকে থাকবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্ম। এবং তাঁর জমা করা সমস্ত নথি। আর ডান দিকে থাকবে, সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে বিএলও, এইআরও, ইআরও ও মাইক্রো অবজারভারদের পর্যবেক্ষণ। যাবতীয় নথি ও পর্যবেক্ষণের ভিত্তিতে বিচারক তখন বিচার করবেন, সংশ্লিষ্ট ভোটারকে তিনি যোগ্য বলে বিবেচিত করছেন কি না। এবং, ওই ভোটারের নামের পাশে টিক-মার্ক দেওয়ার পর, তাঁর নিজস্ব পর্যবেক্ষণও লেখা থাকবে।
কবে থেকে শুরু?
এদিন হাইপ্রোফাইল বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, কবে থেকে শুরু হবে, কতদিন লাগবে, কাল থেকে কি কাজ শুরু করতে পারবেন বিচারকরা? দৃশ্যতই আত্মবিশ্বাসী এই আমলার উত্তর, "প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে গিয়েছে, ওটিপি নিয়ে যে-সমস্যা ছিল, তা-ও মিটে গিয়েছে, কাল নয়, আজ থেকেই শুরু হয়ে যাবে কাজ"।
একঝলকে ঘটনা প্রবাহ
এ-দেশের সংসদীয় রাজনীতিতে নজিরবিহীন ভাবে এই প্রথম বিচারবিভাগের নজরদারিতে কোনও রাজ্যে ভোটার তালিকা 'চূড়ান্ত' করা হচ্ছে। এমতাবস্থায়, সুপ্রিম কোর্টের অনুরোধে শনিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বৈঠক ডাকেন। শনিবার বৈঠক শেষ করে বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মনোজ আগরওয়াল স্পষ্টই জানান, "আমরা জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক পরিসংখ্যান দিয়ে দেবো। আমরা বলেছি, যে কোনওরকম সহযোগিতা করতে প্রস্তুত। মুখ্য নির্বাচন কমিশনার আমাদের বলেছেন, দিল্লি থেকে কোনও সাহায্য লাগবে কি না তা জানাতে। আমরা চাই, একজনও বৈধ ভোটার যাতে বাদ না-যান। একজনও ভারতীয় ভোটার যেন বাদ না-যান"। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য কারণে বাদ যাবে কতনাম, ৫০ লক্ষ? উত্তরে তিনি জানান, "না-না, আমরা এমন কিছু বলিনি (রেকমেন্ড করিনি)। এখনও কাজ চলছে। আজ রাত অবধি নিষ্পত্তির কাজ চলবে। রাত বারোটার পর বলতে পারবো, কতজন বাদ যাবে আর কতজন বাদ যাবে না"।
'বাদে'র খাতায় কত?
খসড়া তালিকা প্রকাশ করার সময়ে নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছিল: এই তালিকা দেখে নিশ্চিত হওয়ার কিছু নেই, শুনানির জন্য ডাকা হতে পারে অনেককেই। এবং সেই সঙ্গে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল, ৩১ লাখ ২৫ হাজার ভোটার আন-ম্যাপড। অর্থাৎ, ২০০২-এর সঙ্গে ২০২৫-এর তালিকা পাশাপাশি ফেলে বেশ কিছু অসংগতি দেখা যাচ্ছে এই সওয়া ৩১ লাখ ভোটারের ক্ষেত্রে। এই অসংগতি নামের বানান নিয়ে হতে পারে। নিকটাত্মীয়ের নামের সঙ্গে মিল-অমিল নিয়েও হতে পারে। মা অথবা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান নিয়ে। মিডিল-নেম থাকা বা না-থাকা নিয়েও। সর্বোপরি, একটি তালিকায় নাম থাকলেও অন্যটিতে নাম না-থাকা নিয়েও হতে পারে।
লজিক্যাল ডিসক্রিপেন্সি
কমিশনের পরিভাষায় এই অংসগতিকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই অসংগতির কারণে অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেব, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, মহম্মদ শামি-সহ সওয়া ৩১ লাখ ভোটারকে শুনানির নোটিস ধরানো হয়েছে। হাইপ্রোফাইলদের ক্ষেত্রে সেভাবে সমস্যা না-হলেও, লোপ্রোফাইলদের নিদারুন সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এখানেই শেষ নয়। খসড়া প্রকাশের দিন কমিশন জানিয়ে দিয়েছিল, তাদের চোখে ১ কোটিরও বেশি ভোটার 'সন্দেহজনক'। তাঁদের নাম খসড়াতে থাকলেও কমিশন পুনর্যাচাই করে চলেছে। যদিও পুনর্যাচাইয়ের পর অনেক সন্দেহজনক নাম সন্দেহের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তবু, বাকি রয়েছেন প্রচুর ভোটার। যা প্রায় কোটির কাছাকাছি।
৫৮ + ৫০ = ১ কোটি ৮ লক্ষ বাদ?
খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ নাম। কমিশন জানিয়েছিল, কেউ যদি মনে করেন ভুলবশত তাঁর নাম বাদ পড়েছে, তাহলে নিয়মবিধি মেনে তিনি কমিশনের কাছে আবেদন করতে পারেন। এমতাবস্থায়, দু-দফায় শুনানি শুরু হয়। প্রথমে ২০০২-এর তালিকার সঙ্গে ২০২৫-এর তালিকা মিলিয়ে যাঁদের 'ম্যাপ' করা যায়নি, অর্থাৎ, যাঁরা 'আনম্যাপড' থেকে গিয়েছিলেন, তাঁদের একটা অংশ ও 'সন্দেহজনক' বহু ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়। তার কারণ, তাঁদের নামের পাশে 'প্রশ্নচিহ্ন' পড়ে গিয়েছে। এবং, শুনানি-পর্ব শেষের পর কমিশন-সূত্রে জানা যাচ্ছে, যাঁদের ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে অন্তত ৫০ লক্ষ নাম নিয়ে 'সন্দেহ' রয়েই যাচ্ছে। এবং, এখনও অর্ধকোটিরও বেশি নাম নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
এবার হাইকোর্টের নজরদারিতে নিম্ন আদালতের বিচারকরা রায় দেবেন, চূড়ান্ত তালিকায় কত নাম থাকবে আর কত নাম বাদ যাবে।