নির্দিষ্ট সূচি মেনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল শনিবার। ব্লক এবং বুথে বুথে সেই তালিকার হার্ড কপি টাঙানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই নির্দিষ্ট ব্লকে...
নির্দিষ্ট সূচি মেনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল শনিবার। ব্লক এবং বুথে বুথে সেই তালিকার হার্ড কপি টাঙানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই নির্দিষ্ট ব্লকে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল পিডিএফ আকারে। এরপর সেই তালিকার প্রিন্ট বের করে প্রশাসন। অন্যদিকে আজ সকালে তালিকা প্রকাশ করতেই নাম দেখার হুড়োহুড়ি শুরু হয়েছে এলাবাসীদের মধ্যে। কার নাম তালিকায় রয়েছে, আর কাদের বাদ পড়েছে, তা জানতে উত্তেজনা বাড়ছে ক্রমেই।
সূত্রের খবর, আজ সকালেই বোলপুর-শ্রীনিকেতন ব্লকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ব্লকে মোট ২,৮৬,০০০জন ভোটার ছিলেন। তবে SIR শুরু হওয়ার পর শুনানির জন্য মোট ৫৬,০০০ জনকে তলব করা হয়েছিল। এরপর আজ SIR-চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ২৯০০ জনের নাম। তবে এখনও বেশ কয়েকজন ভোটারের শুনানি বিচারাধীন থাকায় তাঁদের পরিসংখ্যান স্পষ্ট নয়। অন্যদিকে, ইলামবাজার ব্লকে মোট ভোটার ছিলেন ১,৩৯,০০০জন। তাঁদের মধ্যে SIR-এ শুনানির জন্য ডাকা হয়েছিল ৩৬,০০০জনকে। এরপর আজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে বাদ পড়েছেন ৯৪১জন। তবে এখানেও বেশ কয়েকজন ভোটারের শুনানি বিচারাধীন অবস্থায় রয়েছে। নানুর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নানুর ব্লক এলাকায় মোট ভোটার ১,৭৪,৫৭৪জন ছিলেন SIR শুরু হওয়ার আগে। যার মধ্যে শুনানিতে ডাকা হয় ৩৩,১৫৫জনকে। এরপর চূড়ান্ত তালিকা থেকে বাদ যায় ২৬৪জন। বিচারাধীন রয়েছেন ১০,৮৫৫জন।
বীরভূমের পাশাপাশি বাকুড়াতেও ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জেলার মোট প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। তালিকা থেকে বাদ পড়েছে ৩৩০০ নাম, যাদের মধ্যে রয়েছে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটার। এছাড়াও ৩৯ হাজার আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারদের নাম পাওয়া গিয়েছে সেখানে। এছাড়াও প্রকাশ্যে এসেছে নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ কলকাতার একাধিক ব্লকের তালিকা। সেগুলি হল-
নদিয়া- SIR শুরু হওয়ার আগে সেখানে ভোটার সংখ্যা ছিল ৪,৪১৮,৮৩৮। এখন হয়েছে ৪,১৪৫,০০০। মোট বাদ ৫৭২০৮ জন। এখনও ২৫০০০০ জনের নথি যাচাই করবেন ২৫ জন বিচারক।
হুগলি- জেলা প্রশাসন সূত্রে খবর প্রায় ১৬ হাজার ভোটার বাদ পড়েছে তালিকা থেকে। খসড়ায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বিচারাধীন রয়েছে।
পশ্চিম বর্ধমান- পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার ছিল প্রায় ২৩ লক্ষ। খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ৩ লক্ষ। শুনানি তে ডাকা হয় প্রায় ৪ লক্ষ ১৩ হাজার জনকে। শুনানিতে অনুপস্থিত ছিল প্রায় ১৪ হাজার। চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা এখনও অস্পষ্ট।
দক্ষিণ কলকাতা- চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ প্রায় ৩২০৭ জনের। উত্তর কলকাতা থেকে বাদ ৪ লাখ ৭ হাজার নাম।