চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন তালিকায় নাম। সেই আতঙ্কে বিষ পান করে আত্মঘাতী হলেন এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর থানার শীতলপুর গ্রামে। ইতিমধ্যে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ...
চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন তালিকায় নাম। সেই আতঙ্কে বিষ পান করে আত্মঘাতী হলেন এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর থানার শীতলপুর গ্রামে। ইতিমধ্যে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিস। পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম হাজেরা বিবি (৪৪)। সম্প্রতি চূড়ান্ত তালিকা প্রকাশের পর ওই মহিলার নাম বিচারাধীন তালিকায় রয়েছে বলে জানতে পারেন তিনি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের দাবি, চরম দুশ্চিন্তা ও আতঙ্কের জেরে বাড়িতেই বিষ পান করেন তিনি।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। মৃতার পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি। পাশাপাশি গোটা ঘটনার জন্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন এবং কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।