জল্পনার অবসান ২৬ এর নির্বাচনের আগে কমরেড গেলেন মা-মাটি-মানুষের দলে। সিপিএম নেতা প্রতীক-উর রহমানের বিদ্রোহী দলের বিরুদ্ধে ক্ষোভ , আর মা-মাটি-মানুষের দলের সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ হওয়াই জানান দিচ্ছিল ...
জল্পনার অবসান ২৬ এর নির্বাচনের আগে কমরেড গেলেন মা-মাটি-মানুষের দলে। সিপিএম নেতা প্রতীক-উর রহমানের বিদ্রোহী দলের বিরুদ্ধে ক্ষোভ , আর মা-মাটি-মানুষের দলের সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ হওয়াই জানান দিচ্ছিল প্রতীকের পাল্লা কোন দিকে ঝুঁকেছে। অবশেষে শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবারে আমতলায় তৃণমূলের কার্যালয়ে ৪ টের কিছু পরেই পৌঁছে গেলেন প্রতীক-উর রহমান। যোগদানের আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকস্থলে দুজনের একান্তে বৌঠকও হয়।
এদিকে প্রতীক-উর ঘনিষ্ঠদের দাবি ছিল একাধিক এরিয়া কমিটির সম্পাদক, সদস্য এমনকি, সিপিএমের জেলা কমিটির সদস্যেরাও প্রতীক-উরের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আনুষ্ঠানিক যোগদান না-হওয়া পর্যন্ত সিপিএম প্রতীক-উরের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করবে না বলেই ঠিক করেছিল বামফ্রন্ট। সেইমতই প্রতীক উর তৃণমূল কার্যালয়ে পা রাখার পরই মহম্মদ সেলিম ঘোষণা করেন দল থেকে বহিষ্কার করা হল প্রতীক উরকে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষে কার্যালয়ের বাইরে বেরিয়ে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রতীক উর রহমান।
প্রতীক উর রহমানের বামফ্রন্ট ছাড়ার বিষয়ে বামেদের বিরুদ্ধে নিশানা সাধেন অভিষেক। তিনি প্রশ্ন করেন কোন আদর্শে কংগ্রেসের সঙ্গে ভোটে লড়ে সিপিএম? কোন আদর্শে হুমায়ূনের সঙ্গে বৈঠক করে সেলিম? সিপিএম-এর আদর্শ কি?প্রশ্ন তুলে বামেদের খোঁচা অভিষেকের।অভিষেক জানান, ভোটের টিকিট নয়, সংগঠন করার জন্যই নাকি প্রতীক উর এসেছেন ঘাসফুলে, আর এমনটাই নাকি অভিষেককে জানিয়েছেন তিনি। অভিষেকের দাবি প্রতীক উরের মত নেতারাই মাঠে ঘাটে লড়াই করে। এদিকে তৃণমূলে যোগ দিয়ে প্রতীক উর রহমানের দাবি বাংলায় বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূলই।
গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। দু’বছর পরে তাঁর হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন। সেলিমের বিরুদ্ধে এত ক্ষোভ থাকলেও সেলিম বলেছেন প্রতীক উরের যাওয়া তাঁর কাছে সন্তান হারানোর যন্ত্রণার মতই। অভিষেকের হাত থেকে হাসিমুখে পতাকা তুলে নেওয়া, জয়বাংলা স্লোগান দেওয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন সেলিম। এখনও কি প্রতীক উরকে নিয়ে একই মনভাব সেলিমের?