এক বছরের শিশু মৃত্যুকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লক হাসপাতালে উত্তেজনা। আজ, শুক্রবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভেতরে ঢুকে এক কর্তব্যরত চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে ...
এক বছরের শিশু মৃত্যুকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লক হাসপাতালে উত্তেজনা। আজ, শুক্রবার সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভেতরে ঢুকে এক কর্তব্যরত চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে হেনস্থার ও বেধড়ক মারধরের অভিযোগ শিশুর আত্মীয়-স্বজনের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে আজ প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয় বিশাল পুলিসবাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিস।
হাসপাতাল সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ এক বছরের ওই শিশুকে সর্দি, জ্বর ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে মথুরাপুর ব্লক হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজনেরা। শারীরিক অবস্থার অবনতি দেখে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে শিশুকে স্থানান্তরিত করতে হবে বলে জানায় নিগৃহীত চিকিৎসক। এমনকি তার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেও জানান হয় পরিবারকে। কিন্তু পরিবার চিকিৎসকের কথা না শুনে সেখানেই শিশুকে ভর্তি রাখার জন্য চাপ দেয়। এই ঘটনার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় একরত্তির। তারপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মারমুখী রূপ নেয় শিশুর পরিবার।
আর এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর আক্রমণ হল? নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। হাসপাতালের ভিতরে এইরকম আতঙ্ক তৈরি হলে চিকিৎসা করব কীভাবে? প্রশ্ন নিগৃহীত চিকিৎসকের।