বিধানসভা নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় জনসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে বক্তৃতা দেন তিনি...
বিধানসভা নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় জনসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে বক্তৃতা দেন তিনি। SIR-ইস্যুকে হাতিয়ার করেও বিজেপি এবং কমিশনকে তুলোধোনা করেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, আজ মোট পাঁচটি প্রচার কর্মসূচি রয়েছে মমতার। এর মধ্যে রয়েছে চারটি জনসভা এবং একটি পদযাত্রা। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত দলের নেতা-কর্মীদের নিয়ে হাঁটবেন তিনি।
কিছুদিন আগেই রাজ্যে নতুন কিছু জেলা তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। আজ সেই সূত্র ধরেই সুন্দবনকে আলাদা জেলা তৈরি করা হবে বলে আশ্বাস দেন মমতা। বলেন, 'সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর বন্যা হলে সুন্দরবনে আসি।'
এদিন তিনি আরও বলেন, 'যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে বাংলায়। যা বিশ্বের কোথাও নেই।'
এরপরেই সোজা SIR ইস্যুকে হাতিয়ার করেন মমতা। নাম না নিয়ে কমিশন আর বিজেপিকে নিশানায় নিয়ে তিনি বলেন, '৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ।' তাঁর সংযোজন, 'একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে।' সেই সঙ্গেই তাঁর হুঙ্কার-'এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।'