আবারও বাংলার আবাস যোজনা ঘিরে উত্তেজনা। বাড়ির টাকা থেকে কাটমানি না দেওয়ায় মারধরের অভিযোগ উঠল এলাকার প্রধান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি–১ পঞ্চায়েতের সাতমাসায়। ইত...
আবারও বাংলার আবাস যোজনা ঘিরে উত্তেজনা। বাড়ির টাকা থেকে কাটমানি না দেওয়ায় মারধরের অভিযোগ উঠল এলাকার প্রধান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি–১ পঞ্চায়েতের সাতমাসায়। ইতিমধ্যে, অভিযোগ দায়ের হয়েছে আরামবাগ থানায়।
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম শেখ মহম্মদ নঈম। অভিযোগ, বাংলার আবাস যোজনা প্রকল্পে তিনি প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই সময়ই প্রধান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ আরাফাত তাঁর কাছে ২০ হাজার টাকা কাটমানি দাবি করেন বলে অভিযোগ। নঈম ও তাঁর পরিবারের দাবি, ওই টাকা দিতে অস্বীকার করায় নঈম এবং তাঁর বোনকে মারধর করা হয়। আহতদের পরে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। গোটা বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে আরামবাগ বিডিও অফিসে পাশাপাশি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মুন্সি ইকবাল, যিনি তৃণমূল কংগ্রেসের আরামবাগ ব্লকের সাধারণ সম্পাদক এবং আরান্ডি–১ পঞ্চায়েতের প্রধানের স্বামী। তাঁর দাবি, 'শেখ মহম্মদ নঈম আবাস যোজনায় একটি ঘর পেলেও তিনি বেআইনিভাবে খাল দখল করে চার কামরার ঘর নির্মাণ করছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও তিনি তা মানেননি। নিজের বেআইনি কাজ ঢাকতেই মিথ্যা অভিযোগ করছেন কি না—তা পুলিস তদন্ত করে দেখুক।' একদিকে কাটমানির অভিযোগ, অন্যদিকে বেআইনি নির্মাণের পাল্টা দাবি—দু’পক্ষের বক্তব্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর।