অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে মৃত্যু দুই শ্রমিকের। উল্টে যাওয়া নৌকার পাটাতন কেটে একটি মৃতদেহ উদ্ধার করে শাঁখাইয়ের বাসিন্দারা। কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামের পোস্ট অফিসের কাছাকাছি জায়গায় বৃহস্পতিবার ভোরে ...
অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে মৃত্যু দুই শ্রমিকের। উল্টে যাওয়া নৌকার পাটাতন কেটে একটি মৃতদেহ উদ্ধার করে শাঁখাইয়ের বাসিন্দারা। কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামের পোস্ট অফিসের কাছাকাছি জায়গায় বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা ঘটলেও নৌকা ভেসে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায় চলে যায়। মৃতদের পরিচয় জানা যায়নি। দেহ দুটি উদ্ধার করে পুলিস কেতুগ্রাম থানায় নিয়ে গিয়েছে।
চোরাই বালি বোঝাই নৌকা নিয়ে ভোর রাতে ভাগীরথী নদী দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শাঁখাইয়ের পোস্ট অফিস ঘাটের নৌকাটি চরে ধাক্কা লেগে উলটে যায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার নৌকা বলে জানা গেছে। রাতের অন্ধকারে কাটোয়ার কাছে অজয় নদী থেকে বালি তুলে মুর্শিদাবাদের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।
প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার ভোরে বালি বোঝাই নৌকাটি নদীর চরে ধাক্কা লেগে উল্টে যায়। কেতুগ্রাম থানার পুলিস নদীতে তল্লাশি চালিয়ে দুজনের দেহ উদ্ধার করেছে। মাস খানেক আগেও কেতুগ্রামের মৌগ্রামের কাছেও বালি বোঝাই নৌকা নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা উল্টে এই ধরনের বিপত্তি ঘটে।