দিনসাতেক আগে পূর্বাভাস দিয়েছিল সিএ ডিজিটাল। বহু বিবাদ শেষে বাদ যেতে চলেছে এবং প্রশ্নের মুখে পড়েছে ১ কোটি ১৮ লক্ষ নাম। বিচারকেরা যদি এত অল্প সময়ের মধ্যে ১০ লক্ষ নাম নিষ্পত্তি করতে পারেন, তাহলে ...
দিনসাতেক আগে পূর্বাভাস দিয়েছিল সিএ ডিজিটাল। বহু বিবাদ শেষে বাদ যেতে চলেছে এবং প্রশ্নের মুখে পড়েছে ১ কোটি ১৮ লক্ষ নাম। বিচারকেরা যদি এত অল্প সময়ের মধ্যে ১০ লক্ষ নাম নিষ্পত্তি করতে পারেন, তাহলে সংখ্যাটা এসে দাঁড়ায় ১ কোটি ৮ লক্ষতে!
তাহলে দাঁড়ালটা কী?
বিস্তর কাঠ-খড় পুড়িয়ে শেষ অবধি যা দাঁড়াল, তা হল, চলতি ফেব্রুয়ারির ২৮ তারিখেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। এবং যাঁদের নাম নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকছে: UNDER ADJUDICATION, সহজ কথায়, বিবেচনাধীন। এই সংখ্যা মোটের উপর, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ! এমতাবস্থায়, বিচারকেরা এই সব নাম-ধাম ও তথ্য-নথি খতিয়ে দেখে যা সিদ্ধান্ত নেবেন, তার উপরই নির্ভর করবে, এই ৬০ লক্ষের মধ্যে কতজন যোগ্য ভোটার হয়ে ভোট দিতে পারবেন।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানান, "২৮ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারপর কোনও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে না। শুনানির পরেও যে-নাম নিয়ে এখনও নিষ্পত্তি হয়নি, সেই সব নামের পাশে লেখা থাকবে: UNDER ADJUDICATION, বিচারকেরা এই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে যতজনকে যোগ্য ভোটার বলে বিবেচনা করবেন, তাঁরা ভোট দিতে পারবেন। এছাড়াও কিছু নাম বাদ পড়বে। সেইসব নামের পাশে লেখা থাকবে ডিলিটেড। ফর্ম-৭-এ যেসব নাম নিয়ে আপত্তি উঠেছে, তা নিয়েও নিষ্পত্তি হবে। ২৮ তারিখের মধ্যে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের নামের পাশেই লেখা থাকবে ডিলিটেড। বাকি ৬০ লক্ষ বিবেচনাধীন"।
প্রশ্ন উঠছে, এই রাজ্য থেকে শুরু করে ভিনরাজ্য থেকে বিচারক এনেও এই অর্ধকোটিরও বেশি নামের নিষ্পত্তি করা সম্ভব হবে এত তাড়াতাড়ি? তার আগেই কি ভোট ঘোষণা ও ভোট-পর্বের সমাপ্তি ঘটবে?
প্রসঙ্গত, ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে, এসআইআর-এ ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়বে। পর্যবেক্ষকরাও তেমনটাই মনে করছেন। খসড়ায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ, এর উপর যদি ৬০ লক্ষ ভোটারের ভোট-ভাগ্য অনন্তকাল ধরে বিবেচনাধীন থাকে, তাহলে বাদের খাতায় সংখ্যা গিয়ে দাঁড়াবে ১ কোটি ১৮ লক্ষতে। যদি ধরে নেওয়া হয়, বিচারকেরা এই ৬০ লক্ষের মধ্যে ১০ লক্ষ নামের নিষ্পত্তি করতে পারবেন, তাহলে শেষ অবধি বাদের খাতায় পড়বে ১ কোটি ৮ লক্ষ নাম!
সিএ ডিজিটাল যার পূর্বাভাস দিয়েছিল চলতি ফেব্রুয়ারির ২০ তারিখ।