ভোটের আগে রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার শতাধিক তাজা বোমা। এবার সেই তালিকায় নাম জুড়ল বীরভূমের। সেখানে পাইকর থানার আমডোল গ্রামের কাছে মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় জঙ্গল থেকে উদ্ধার প্লাস্টিকের বালতি ভর...
ভোটের আগে রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার শতাধিক তাজা বোমা। এবার সেই তালিকায় নাম জুড়ল বীরভূমের। সেখানে পাইকর থানার আমডোল গ্রামের কাছে মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় জঙ্গল থেকে উদ্ধার প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা। সকালে এই দৃশ্য নজরে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিসেও।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে হাজির হয় পুলিস কর্মীরা। খবর দেওয়া হয় বম্বস্কোয়াডেও। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ওই বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। তবে কে বা কারা ওই বোমা ভর্তি বালতি রেখে গিয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে পুলিস। নির্বাচনের আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্যেই এই বোমা মজুত করা হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, তবে শুধু জেলাই না, সোমবার রাতে খাস কলকাতার এক ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকেও উদ্ধার হয় একটি তাজা বোমা। পরে সেটি নিষ্ক্রিয় করে পুলিস বম্বস্কোয়াড বাহিনী। তবে ভোটের মুখে এলাকায় এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িত দুই বহিরাগত ব্যক্তির নামও প্রকাশ করেছেন তাঁরা। অন্যদিকে ওই এলাকায় বহুদিন থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন এলাকার এক সিপিএম কর্মী। শাসক দলের প্রশ্রয়েই এই দুষ্কৃতীরাজ চলছে বলে অভিযোগ তুলেছেন ওই বাম কর্মী।