বাংলাকে টার্গেট করলে, বাংলাও আগামীদিনে নিশানা করবে দিল্লিকে।হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী সভা থেকে হুঙ্কার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ।নির্বাচনের প্রাক...
বাংলাকে টার্গেট করলে, বাংলাও আগামীদিনে নিশানা করবে দিল্লিকে।হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী সভা থেকে হুঙ্কার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ।নির্বাচনের প্রাকমুহূর্তে সভা থেকে আবারও বিরোধীদের করলেন চড়া সুরে আক্রমণ । কেন্দ্রের সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে হলেন সরব। সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকাতে পারবে না। কিন্তু চেষ্টা করবে। তাই বাধার মোকাবিলা করতে একজোট হতে হবে বাংলার মা-বোনদেরই। নারীশক্তিতে ভরসা রাখছেন মমতা।
মুখ খুললেন ভোটের মুখে রাজ্যের প্রশাসনিক মহলে একাধিক বদল আনা নিয়েও। প্রশাসনিক কর্তাদের রদবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মমতা বললেন, প্রশাসনিক আধিকারিকদের বারবার পদ বদলের কারণ যাতে কেউ সীমানায় আটকাতে না পারে। CRPF-এর গাড়ি করে টাকা আসছে। আর কোথায় টাকা যাচ্ছে জানি। রেকর্ড আছে। ঠিক সময়ে ফাঁস করব।
সভামঞ্চ থেকে কটাক্ষ করতে রেয়াত করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।মমতা বললেন, ভোটের আগে যত দিন ইচ্ছা,ততদিনই বাংলায় থাকতে পারেন অমিত শাহ। কিন্তু শাহের মুখ দেখলে মানুষ ভোট দেবে না বিজেপিকে। এমনকি বিজেপির বিরুদ্ধে রীতিমতো প্রতারণার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এজেন্সি পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইছে। বলছে টাকা দেব। অ্যাকাউন্ট নম্বর দেবেন না। প্রতারণায় পা না দেওয়ার সতর্কবার্তা তৃণমূল সুপ্রিমোর।
সবমিলিয়ে জনসভা থেকেও আবারও জেলা তৃণমূলকে ভোটে লড়ার সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী থাকলেন দক্ষিণ দিনাজপুরের ৬ বিধানসভার তৃণমূল প্রার্থীরাও। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের অভয়বাণীও দলনেত্রীর ভাষণে। এখন তৃণমূল সুপ্রিমোর দেখানো পথ ধরে আসন্ন বিধানসভা নির্বাচন আদৌ সুষ্ঠু ভাবে হয় কিনা সেটাই দেখার।