দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে বর্ষার ছোঁয়া। কয়েকদিন আগেও যে তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়া মানুষের নাজেহাল অবস্থা তৈরি করেছিল, সেই ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে বর্ষার ছোঁয়া। কয়েকদিন আগেও যে তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়া মানুষের নাজেহাল অবস্থা তৈরি করেছিল, সেই ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে এসেছে। ফলে জামাইষষ্ঠীর সকালটা শুরু হয়েছে অনেকটাই স্বস্তির আবহে।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা মিললেও আবহাওয়ায় সেই চেনা গরমের দাপট নেই। বরং বাতাসে রয়েছে আর্দ্রতা আর বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুরের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তার প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। কলকাতার তাপমাত্রাতেও স্পষ্ট প্রভাব ফেলেছে এই বর্ষা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি কম। ফলে আপাতত গরম থেকে স্বস্তি মিলেছে মহানগরবাসীর।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। সেখানে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বাড়ছে। আবহাওয়া দফতর শনিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় জারি করেছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং কমলা সতর্কতা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ৪৮ ঘণ্টা উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। তাই প্রয়োজন ছাড়া অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। তবে দক্ষিণবঙ্গের মানুষের কাছে এই বৃষ্টি আপাতত স্বস্তির বার্তাই নিয়ে এসেছে— অন্তত কয়েকদিনের জন্য গরমের দাপট থেকে মিলেছে রেহাই।